# মহাবিশ্ব: ৬ দিন নাকি ১৩.৮ বিলিয়ন বছর? - বিজ্ঞান বারবার কুরআনের সত্যতা প্রমাণ করছে!

- Language: bn
- Published: 2026-09-12
- Canonical: https://blog.towardseternity.com/bn/blog/kurane-ki-boijnganik-vul-ache-ze-apttiguloi-hze-uthl-bismzkr-nidrsn
- Source video: https://www.youtube.com/watch?v=E4G4J3LizNU
- Channel: Towards Eternity

This is the cleaned transcript of the source video. The speech is unaltered.

---

বিজ্ঞান আর কুরআন কি সত্যিই পরস্পরবিরোধী? ছয় দিন। মহাবিশ্ব সৃষ্টির সময়কাল হিসেবে কুরআন কি সত্যিই এটুকুই বলেছে? আর সাত আসমানের বিষয়টি কী? সাত স্তরের আসমান সম্পর্কে কুরআনের ধারণা কি বিজ্ঞান সত্যিই প্রমাণ করতে পারে? আর কুরআন কি সত্যিই বলে যে সূর্য কাদাময় এক জলাশয়ে অস্ত যায়? একদিকে, কুরআনে প্রতিদিনই নতুন নতুন বৈজ্ঞানিক নিদর্শন আবিষ্কৃত হচ্ছে। অন্যদিকে, কিছু আয়াতকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়। তাহলে সঠিক কোনটি?

এই ভিডিওতে আমরা এই সবধরণের বিভ্রান্তি দূর করার চেষ্টা করবো। সবচেয়ে আলোচিত কিছু আয়াত আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। আর আজ আমার একটি স্পষ্ট লক্ষ্য রয়েছে। এই পথচলা শেষে আপনার হাতে থাকবে কিছু মৌলিক নীতি। এমন কিছু মূল চাবিকাঠি থাকবে, যা আপনাকে পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে প্রায় সব ধরণেরই প্রশ্নে' যার মুখোমুখি আপনি হতে পারেন। এগুলো আপনার কুরআনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে, আর আপনি শিখবেন—আমাদের নিজস্ব নীতির আলোকে অভিযোগের জবাব কীভাবে দিতে হয়। ইতিহাস বলে, ইউরোপে গির্জা কীভাবে বিজ্ঞানের বিরোধিতা করেছিল। এর ফলে ধর্মের প্রতি তৈরি হয় দীর্ঘস্থায়ী ক্ষোভ, আর একই মানদণ্ডে ইসলামকেও অন্যায়ভাবে বিচার করা হয়েছে। এই ভুল ধারণা দূর করার সময় এসে গেছে। হয়তো যেগুলোকে কেউ কেউ ভুল মনে করেন, সেগুলোই আসলে লুকানো নিদর্শন। আর হয়তো কুরআন ও বিজ্ঞান একই কাহিনিই বলছে, শুধু কেবল ভিন্ন দুটি ভাষায়। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। কুরআন কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ?

এই ভিত্তি পরিষ্কার না হলে, খুঁটিনাটি বিশ্লেষণ অর্থহীন। যদি কুরআন সত্য হয় তাহলে, এই জটিল বিষয়গুলো আসলে এমন কিছু প্রশ্ন' যেগুলো আমাদের আরও গভীরভাবে অনুসন্ধান করতে হবে। উত্তর না জানা মানে এই নয় যে গ্রন্থটিই ভুল। এর অর্থ শুধু একটাই—আমরা এখনো শিখছি। কিন্তু এই ভিত্তি যদি আপনার মনে স্থির না থাকে, তো কোনো উত্তরই আপনাকে সত্যিকারের সন্তুষ্ট করতে পারবে না। এই কারণেই ইসলামের প্রমাণগুলো দেখা—যেগুলো আমাদের অন্য ভিডিওতে বিস্তারিত আছে— যা আসলে এই সামগ্রিক চিত্রটি বোঝার মূল চাবিকাঠি। এটাই আমাদের প্রথম সোনালি নীতি। এবার শুরু করা যাক সবচেয়ে পরিচিত দাবিটি দিয়ে। সূরা ক্বাফের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই আমি আসমানসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি, আর এতে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।” বিজ্ঞান বলে, মহাবিশ্ব গঠনে লেগেছে বিলিয়ন বিলিয়ন বছর, অথচ কুরআন বলছে ছয় দিন। এটা কি বিরোধ নয়?

প্রথমেই আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। কুরআনে ‘দিন’ বলতে আসলে কী বোঝানো হয়েছে? ‘দিন’ বললেই আমরা স্বাভাবিকভাবে ২৪ ঘণ্টা ভাবি। কিন্তু ২৪ ঘণ্টার মাপকাঠি ব্যবহার করা কতটা যৌক্তিক' যখন পৃথিবী আর সূর্যই তখনো সৃষ্টি হয়নি? কুরআন কি সত্যিই বলতে পারে যে পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই পৃথিবী নিজের অক্ষে ছয়বার ঘুরেছে?

অবশ্যই না। এটা বুঝতে হলে কুরআনে ব্যবহৃত মূল আরবি শব্দটির দিকে তাকাতে হবে' কুরআনে ব্যবহৃত শব্দটি হলো: ‘ইয়াওম’। ভাষাগত প্রকৃত অর্থে ‘ইয়াওম’ শুধু ২৪ ঘণ্টা সময়কে বোঝায় না। এটি এমন একটি সময়কাল, পর্যায় বা যুগ বোঝাতে পারে—যার শুরু আছে , শেষও আছে। এই অর্থে ‘ছয় দিন’ দিয়ে আসলে বুঝানো হয়েছে সৃষ্টির ছয়টি বড় ধাপকে। মহাবিশ্বের স্রষ্টার ক্ষেত্রে, সময়কে শুধু আমাদের ২৪ ঘণ্টার চক্র দিয়ে মাপা যায় না। তাঁর বিশাল সৃষ্টিজগতে, বৃহস্পতির একটি দিন প্রায় ১০ ঘণ্টা, অন্যদিকে শুক্রে একটি দিন পুরো এক বছরের চেয়েও দীর্ঘ। আর কুরআনেও আল্লাহ আমাদের বলেন, “ফেরেশতারা ও জিবরীল তাঁর দিকে আরোহণ করেন এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।” অথবা অন্য একটি আয়াতে, “...এমন এক দিন, যার দৈর্ঘ্য তোমাদের গণনায় এক হাজার বছর।” কুরআন নিজেই বুঝিয়ে দেয় যে ‘দিন’-এর পরিমাপ ভিন্ন ভিন্নও হতে পারে। তাহলে কুরআনে এমন আয়াত কেন এসেছে?

এই ছয়টি সময়পর্বের কথা কেন বলা হয়েছে?

এখানে আসল বিষয় কত সময় লেগেছে—তা নয়। বিষয় হলো—সৃষ্টি কীভাবে পরিকল্পিতভাবে হয়েছে। যদি আপনি জানতেন মহাবিশ্বের বয়স ১৩.৮ নয়, ১৫.৮ বিলিয়ন বছর, তবু আপনার জীবনে তেমন কিছুই বদলাত না। কিন্তু যদি জানতে পারেন যে সবকিছু ধাপে ধাপে হয়েছে, তাহলে বোঝা যায়—সৃষ্টি ছিল নিয়ন্ত্রিত ও পরিকল্পিত একটি প্রক্রিয়া। যা বিশৃঙ্খলা মনে হয়, সেটিও আসলে নিয়ন্ত্রণের বাইরে নয়। সবকিছুই একটি প্রক্রিয়া অনুসরণ করে। সবকিছু পরিমিত, আর সবকিছুরই একটি উদ্দেশ্য আছে। এখন বিজ্ঞানীদের কাজ হলো এই ছয়টি ধাপ আসলে কী—তা সুনির্দিষ্টভাবে আবিষ্কার করা। আর তাদের অনুসন্ধানের ফল দেখলে, এই সামঞ্জস্য উপেক্ষা করা অবশ্যই কঠিন। আমরা দেখি, পুরো যাত্রাটি ছয়টি ধাপে সুন্দরভাবে মিলে যায়। একটি একক বিন্দু থেকে শুরু হয়ে আজকের প্রাণবন্ত এই পৃথিবীতে এসে শেষ হয়। শুরুর দিকেই যেমনটা বলেছিলাম, কুরআন ও বিজ্ঞান একই সত্যের দিকে ইঙ্গিত করে—দুটি ভিন্ন ভাষায়। আল্লাহ শুধু অল্প কিছু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন না। তিনি এমন ভাষায় কথা বলেন, যা সময় বা শিক্ষার সীমা ছাড়িয়ে প্রতিটি হৃদয়ে পৌঁছাতে পারে। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় সোনালি নীতি। কুরআন কোনো বিজ্ঞান পাঠ্যবই নয়। এটি জীবন পরিচালনার পথনির্দেশিকা। এটি কেবল শিল্পের জন্যেই শিল্পের কথা বলে না, বরং শিল্পীর সাথেও পরিচয় করিয়ে দেয়' আমাদের স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি বিজ্ঞানী হোন বা রাখাল—কুরআন আপনাকে শেখায় দেখার দৃষ্টিভঙ্গি । এই কারণেই ডাইনোসর বা জটিল কারিগরি বিষয়ের বিস্তারিত না বলে, উট বা মাছির মতো সহজ উদাহরণে গুরুত্ব দেয়। এখন আমাদের আরও গভীর একটি রহস্যের মুখোমুখি হতে হবে। আধুনিক বিজ্ঞান দৃশ্যমান মহাবিশ্বের কথা বলে। কিন্তু কুরআন ব্যবহার করে ভিন্ন একটি শব্দ—‘সাব‘আ সামাওয়াত’, অর্থাৎ সাত আসমান। সূরা আল-মুলকে আল্লাহ বলেন, “তিনি সেই সত্তা, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান, একটির উপর আরেকটি। পরম দয়াময়ের সৃষ্টিতে আপনি কোনো অসামঞ্জস্যতা দেখতেই পাবেন না। তাই আবার দেখুন—কোনো ত্রুটি কি দেখতে পাচ্ছেন?” প্রথম দেখায় আমরা শুধু দেখতে পাই এক বিশাল, অন্তহীন মহাশূন্য। তাহলে এই সাত স্তর বলতে আসলে কী বোঝানো হয়েছে?

এটি কি এমন কোনো বৈজ্ঞানিক বাস্তবতা, যা আমরা এখনো আবিষ্কার করিনি, নাকি আমরা বিষয়টিকে ভুলভাবে দেখছি? চলুন, এই রহস্যটি বোঝার চেষ্টা করি এবং দেখি এটি আমাদের আধুনিক মহাবিশ্ব-বোধের সঙ্গে কীভাবে মেলে। কল্পনা করুন, আপনি উচ্চগতির একটি ট্রেনে বসে আছেন, হাতে এক কাপ কফি। আপনার কাছে কফির কাপটি একদম স্থির। কিন্তু প্ল্যাটফর্মে বাইরে দাঁড়িয়ে থাকা কারও কাছে, সেই কফিটিই ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটে যাচ্ছে। সঠিক কে? আপনি এবং তিনি—দুজনই। রেফারেন্স পয়েন্ট ছাড়া গতি বা চলনের কোনো অর্থ নেই। কোনো কিছু কীভাবে চলছে তা বোঝাতে প্রথমেই জিজ্ঞেস করতে হয়—কিসের তুলনায়?

মহাবিশ্বে কিছুই পুরোপুরি নিজের মতো করে চলে না। সবসময়ই তা আরও বড় কোনো ব্যবস্থার মধ্যে চলমান থাকে। এবং প্রতিটি আসমান তার ভেতরের সবকিছুর জন্য একটি নির্দিষ্ট রেফারেন্স দেয়। আপনার গাড়ি পৃথিবীর সাপেক্ষে চলাচল করে। পৃথিবী সূর্যের সাপেক্ষে চলাচল করে। তো প্রথম আসমান হলো পৃথিবীকেন্দ্রিক ফ্রেম, আর দ্বিতীয়টি সৌরজগৎ। আমাদের কিন্তু সূর্যও স্থির নয়। এটি প্রতি সেকেন্ডে প্রায় ১৯ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দিকে চলেছে। এই গতি আমরা বুঝি আশপাশের নক্ষত্রগুলোকে রেফারেন্স ধরে। তাহলে তৃতীয় আসমান হলো নিকটবর্তী নক্ষত্রমণ্ডলের অঞ্চল। আর সেই নক্ষত্রগুলো ঘুরছে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। তাহলে সেটিই চতুর্থ আসমান। পঞ্চম আসমান হলো লোকাল গ্রুপ—যা প্রায় ৫০টি গ্যালাক্সির একটি গুচ্ছ, যার মধ্যে অ্যান্ড্রোমেডাও রয়েছে। এখানে আমরা দেখি, পুরো গ্যালাক্সিগুলো একে অন্যের তুলনায় কীভাবে চলে। ষষ্ঠ আসমান হলো সুপারক্লাস্টারের জগৎ। এই বিশাল স্কেলে, হাজার হাজার গ্যালাক্সি-গুচ্ছ মহাকর্ষের দীপ্ত নদীর মতো একসঙ্গে প্রবাহিত হয়। আর সপ্তম আসমান হলো দৃশ্যমান মহাবিশ্ব। চূড়ান্ত রেফারেন্স ফ্রেম। এখানে মহাশূন্যের নিজস্ব প্রসারণই রেফারেন্স। এর মধ্যেই রয়েছে এই সবকিছু। এটি একটি নিখুঁতভাবে স্তরবিন্যস্ত কাঠামো, যেখানে নিচের স্তরের ব্যবস্থাটি উপরের স্তরের মধ্যেই তার অর্থ ও অবস্থান খুঁজে পায়। অন্যদিকে মহান ইসলামি চিন্তাবিদ বদিউজ্জামান ভিন্ন আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। গ্রহগুলোর গতি বাতাসে উড়ন্ত বিমানের মতো নয়, বরং অনেকটা পানিতে সাঁতার কাটা মাছের মতো। মহাশূন্য নক্ষত্রের চারপাশে বেঁকে যায় এবং অদৃশ্য তরঙ্গ তৈরি করে, যেন এক বিশাল মহাজাগতিক সমুদ্র। আধুনিক জ্যোতির্পদার্থবিদেরাও প্রায়ই মহাবিশ্বকে বিশাল প্রবাহমান তরলের মতো মডেল হিসেবেই গণ্য করেন। আর জানেন কি, শতাব্দী আগে কুরআন এই তরলসদৃশ প্রকৃতির ইঙ্গিত দিয়েছিল?

সূরা ইয়াসীনে সূর্য ও চাঁদকে খুব নির্দিষ্ট একটি শব্দে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে।” এটি একেবারে নিখুঁত একটি ভৌত বর্ণনা। এমনকি নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি হাদিসে মহাশূন্যকে ‘মাওজ মাকফূফ’ বলা হয়েছে, যার অর্থ—সংযত বা বদ্ধ তরঙ্গ। কুরআনে এই তরলসদৃশ গঠন বারবার গুরুত্ব পায়। মহাশূন্য যে ভরের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তার ওপর ভিত্তি করে তার আচরণ বদলায়। আমাদের সৌরজগতে, সূর্য মহাশূন্যকে বেঁকিয়ে গভীর মহাকর্ষীয় খাদ তৈরি করে। কিন্তু গ্যালাক্সির স্কেলে, কোটি কোটি নক্ষত্রের সম্মিলিত ভরে মহাশূন্য বেঁকে যায়, আর সেগুলোকে বিশাল ঘূর্ণায়মান ডিস্কে পরিচালিত করে। এই ভিন্ন ভিন্ন মিথস্ক্রিয়াগুলো মহাবিশ্বকে এলোমেলো পদার্থের স্তূপ থেকে স্তরবিন্যাস করা কাঠামোয় রূপ দেয়। এবং প্রতিটি স্তর নিজের নিয়মসহ আলাদা পরিবেশের মতো আচরণ করে। তাই এর স্রষ্টা যদি এই জটিল কাঠামোকে সাত ভাগে শ্রেণিবদ্ধ করে থাকেন, তাহলে সেটি সাতই। তবে প্রশ্ন হলো—যারা বলেন মহাবিশ্বে সাত স্তর হতে পারে না, তারা কি এর গভীর এই বার্তাটাই মিস করছেন?

কুরআন শুধু ‘আসমানসমূহ’ না বলে কেন বারবার ‘সাত আসমান’ বলে—ভেবেছেন কখনো?

শুধু ‘আসমানসমূহ’ বললেই তো পারত। এটি পূর্ণ নিয়ন্ত্রণের একটি বার্তা। কোনো ব্যবস্থার সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারাটাই প্রমাণ করে—আপনিই তার নির্মাতা। অথবা অন্তত আপনি সেটিকে ভেতর-বাহির সবই জানেন। আল্লাহ সাতটি ভিন্ন স্তরকে সাত ধরনের নিয়মে পরিচালনা করেন। তবুও সবই একক, সমন্বিত ব্যবস্থার অংশ। তিনি একই সঙ্গে প্রথম স্তরে একটি পাখির উড়ান পরিচালনা করছেন আর ঠিক তেমনিভাবেই চতুর্থ স্তরে একটি গ্যালাক্সির গতি। তাঁর কাছে ক্ষুদ্র আর বিশাল—দুটিই নিখুঁত এক সুশৃঙ্খলিত ব্যবস্থা। এখানেই আমাদের তৃতীয় সোনালি নীতি। শুধু শব্দের দিকে তাকাবেন না, এর পেছনের অর্থটি বোঝার চেষ্টা করুন। সূরা আল-ইসরা, ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, “সাত আসমান, পৃথিবী এবং এদের মধ্যে যা কিছু আছে—সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে...” এক পাল্লায় সাত আসমান, আর অন্য পাল্লায় পৃথিবী। মহাবিশ্বের তুলনায় পৃথিবী বালুকণার মতো ক্ষুদ্র হলেও, অর্থের দিক থেকে এটি কেন্দ্রবিন্দু। এটি আল্লাহর শিল্পকলার এক প্রদর্শনী। এখানেই আখিরাতের বীজ বপন করা হয়। এবং এখানেই মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শকদের আবাস, আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-সহ হাজারো নবী। কোনো কিছুর মূল্য তার আকার, গতি বা ভেতরে থাকা খনিজ দিয়ে নির্ধারিত হয় না। তাই আসে আমাদের চতুর্থ সোনালি নীতি। কুরআন কোনো কিছুর মূল্য নির্ধারণ করে তার বস্তুগত দিক দিয়ে নয়, বরং তার অর্থ দিয়ে। তাই “এই বিশাল মহাবিশ্বে আল্লাহ কি সত্যিই আমাদের গুরুত্ব দেবেন?”— এই প্রশ্ন আপনার মনে আসারই কথা নয়। আমাদের আলেমরা আরও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। উদাহরণ হিসেবে, কেউ কেউ বলেছেন—পুরো দৃশ্যমান মহাবিশ্ব, আমরা যা কিছু দেখি, আসলে তা কেবল প্রথম আসমান। এর বাইরে আরও ছয়টি স্তর আছে, যা পুরোপুরি আমাদের পর্যবেক্ষণের বাইরে। নতুন নতুন ব্যাখ্যা সামনে এলে, কিছু কমন ফাঁদ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা প্রায়ই ধরে নিই—এই ব্যাখ্যাগুলোর মধ্যে কেবল একটিই সঠিক হতে পারে। কারণ আমাদের জ্ঞান ও উপলব্ধি সীমিত, আমরা সাধারণত একটি শব্দ দিয়ে একটি মাত্র অর্থই বোঝাই। কিন্তু আল্লাহর জ্ঞান চিরন্তন। তাঁর বাণী একই সঙ্গে সত্যের বহু স্তর ধারণ করতে পারে। এখানেই রয়েছে আমাদের পঞ্চম সোনালি নীতি। কুরআনের একটি শব্দ কেবল একটাই অর্থ বহন করে না। একসঙ্গে বহু বিস্ময়ের চাবিকাঠি হিসেবেও কাজ করতে পারে। এই যুক্তি হয়তোবা খুব সুন্দরভাবে প্রযোজ্য মহাবিশ্বের ‘ছয় দিনে’ সৃষ্টির ক্ষেত্রেও। যেমন সাত আসমান সম্পর্কে একাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে পারে, এই ছয় দিনের ছয়টি স্বতন্ত্র ও সঠিক ব্যাখ্যা থাকতে পারে। সবগুলোই সত্য হতে পারে আবার একই সঙ্গে আল্লাহর উদ্দেশ্যও হতে পারে। কিন্তু ভুল ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে কী হবে?

এখানেই অনেকে আরেকটি যুক্তিগত ফাঁদে পড়ে। উদাহরণ হিসেবে, একসময় জনপ্রিয় ধারণা ছিল—সাত আসমান বলতে আমাদের সৌরজগতের দৃশ্যমান সাতটি গ্রহকে বোঝানো হয়েছে। তৎকালীন সময়ে এটি যৌক্তিক একটি অনুমান ছিল। কিন্তু বিজ্ঞান আরও গ্রহ আবিষ্কার করার পর এই তত্ত্ব ভেঙে পড়ে। তখন কিছু সমালোচক দাবি করলেন—কুরআন ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আসলে তারা খণ্ডন করেছে একজন মানুষের ব্যাখ্যা। পাঠকের ভুল বোঝার দায় লেখকের ওপর চাপানো যায় না। একটি তত্ত্ব ভুল প্রমাণ করলেই সত্য ধ্বংস হয়ে যায় না। আপনি শুধু অন্য সম্ভাব্য ব্যাখ্যাগুলোর জন্য পথ পরিষ্কার করেছেন। তাই যখনই শুনবেন বিজ্ঞান কুরআনের সঙ্গে দ্বিমত করছে, এটি মনে রাখবেন— সম্ভবত আপনি এমন একটি মানবিক ব্যাখ্যার দিকে তাকিয়ে আছেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই ভিডিওজুড়ে আমরা কুরআনের বিভিন্ন নিদর্শনের কথা তুলে ধরেছি। এত ইসলামি প্রমাণের আলোকে, এসব আপাত সংঘাত আসলে সমাধানের অপেক্ষায় থাকা কিছু ধাঁধা। আজ উত্তর না জানা মানে হোল আমরা এখনো কেবল শিখছি। এখন চলুন এই নীতিগুলো প্রয়োগ করি শেষ যে আয়াতটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়, সেটিতে। শক্তিশালী শাসক যুলকারনাইনের সফর। পশ্চিমমুখী তাঁর বিখ্যাত অভিযানের বর্ণনায় আয়াতে বলা হয়েছে, “অবশেষে যখন তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছালেন, তিনি দেখলেন সূর্য যেন কাদাময় এক ঝরনায় অস্ত যাচ্ছে...” প্রথম দেখায় এটি পুরোনো সমতল-পৃথিবীর মতো মনে হতে পারে। আর অমুসলিম সমালোচকেরা প্রশ্ন তোলে, “পৃথিবীর চেয়েও বড় এক বিশাল নক্ষত্র কীভাবে গিয়ে কাদার অতলে ডুবে যায়?!” আসলে উত্তরটি লুকিয়ে আছে সেই আয়াতের মধ্যেই, যেটিকে তারা আক্রমণ করছে। কুরআন বলেনি যে সূর্য বাস্তবিক অর্থে কাদার জলাশয়ে ডুবে গেছে। ঠিক বাক্যটি হলো, “তিনি দেখলেন সেটি অস্ত যাচ্ছে।” এখানে কুরআন একজন ভ্রমণকারীর দৃষ্টিকে বোঝাতে দৈনন্দিন মানবিক ভাষা ব্যবহার করেছে। যেন একটি ক্যামেরা ঠিক দিগন্তের দৃশ্যটি ধারণ করছে। আয়াত থেকে আমরা শুধু জানি—তিনি পশ্চিমদিকে অগ্রসর হচ্ছিলেন। কোথা থেকে শুরু করেছিলেন বা কোথায় গিয়ে পৌঁছেছিলেন—তা আমরা জানি না। তবুও মাত্র একটি লাইনে, কুরআন সেই শতাব্দীপ্রাচীন ঘটনার স্থান সম্পর্কে অসাধারণ একটি বর্ণনা দেয়। তিনি এমন এক জায়গায় দাঁড়িয়েছিলেন, যেখানে বিশাল সমুদ্রকে মনে হচ্ছিল ফুটন্ত কাদাময় ঝরনা। পশ্চিমমুখী যাত্রা তাঁকে নিয়ে গিয়েছিল মহাদেশের একেবারে প্রান্তে, এক বিশাল সমুদ্রের সামনে। সম্ভবত সেটি ছিল আটলান্টিক। আর তখন ছিল গ্রীষ্মের মাঝামাঝি। প্রচণ্ড তাপে উপকূলের জলাভূমি ও কাদামাটি উত্তপ্ত হচ্ছিল।ফলে বিপুল বাষ্প উঠছিল। যুলকারনাইন পরিষ্কার দিগন্ত দেখছিলেন না। তিনি দেখতে চেষ্টা করছিলেন ঘন কুয়াশা আর বাষ্পের পর্দার মধ্য দিয়ে। সেই অবস্থাতেই তিনি আর এভাবেই তিনি তীর থেকে সূর্যাস্ত দেখেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। মনে করুন, আমরা বলেছিলাম—কুরআনের প্রতিটি লাইনের বহু স্তরের অর্থ থাকতে পারে। আসলে পুরো কুরআন জুড়েই দেখা যায় এমন এক অসাধারণ বৈশিষ্ট্য। কখনো বিশাল পৃথিবীকে বলা হয়েছে নিরাপদ দোলনা। জ্বলন্ত সূর্যকে বলা হয়েছে একটি প্রদীপ, আর চাঁদকে বলা হয়েছে কোমল আলো। আল্লাহর এই অসীম সীমাহীন রাজত্বে, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরকে কীভাবে বর্ণনা করা যায়?

সবচেয়ে বিশাল মহাসাগরও তাঁর সামনে একটি ছোট উষ্ণ ঝরনার বেশি কিছু নয়। তাই আমাদের রব এমন ভাষা ব্যবহার করেন, যা মানুষের উপলব্ধি ও তাঁর মহিমার মধ্যে একটি সাধারণ সেতু তৈরি করে। আজও আমরা বলি, “সূর্য অস্ত যাচ্ছে।” আর কেউ আমাদের থামিয়ে বলে না, “আসলে পৃথিবী ঘুরছে।” সবাইই মোটামুটি প্রসঙ্গটি বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আধুনিক অনেক সমালোচক অর্থ খোঁজার চেয়ে বিতর্ক খুঁজতেই বেশি আগ্রহী। যারা ভাষা বা প্রেক্ষাপট বুঝতে এক ঘণ্টাও সময় দেয়নি, তারাই প্রথম বলে বসে—এটি নাকি বৈজ্ঞানিকভাবে ভুল। একবার ভেবে দেখুন। আপনি কি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওপেন-হার্ট সার্জারি করাবেন? অবশ্যই না, আপনি সার্জনের কাছেই যাবেন। তাহলে কুরআনের ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন?

কেউ যদি সারাক্ষণ কুরআন আক্রমণ করতেই ব্যস্ত থাকে বা ইসলাম সমালোচনা করেই নিজের প্ল্যাটফর্ম গড়ে তোলে, তাহলে তার কাছ থেকে নিরপেক্ষ বিশ্লেষণ আশা করা ঠিক নয়। আপনি যদি আসলেই সত্য জানতে চান, তবে বিশেষজ্ঞদের কাছেই যান। একটি গভীর বিশেষজ্ঞ-স্তরের বিশ্লেষণের মূল্য ইন্টারনেটধাঁচের একশো ফাঁপা সমালোচনার চেয়েও বেশি। তারা মনে করে, বিশাল একটি ভুল খুঁজে পেয়েছে। এমন এক ভুল, যা শতাব্দীর পর শতাব্দী মুসলিম বিজ্ঞানীরা নাকি দেখতেই পাননি। তারা কি সত্যিই ভাবে—বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় মেধাবীরা কখনো কুরআন পড়েননি?

ইসলামের ইতিহাস অসংখ্য প্রতিভাবান বিজ্ঞানী, জ্যোতির্বিদ ও গণিতবিদে ভরা। তাঁরা সারাটা জীবনভর বিজ্ঞান ও কুরআন—দুটিই অধ্যয়ন করেছেন। আমরা এমন এক সভ্যতার কথা বলছি, যারা বিজ্ঞানের অগ্রযাত্রায় অগ্রণী ছিল। আজকের আধুনিক বিশ্ব তাদের প্রচেষ্টার ওপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে। উদাহরণ হিসেবে ইবনুল হাইসামের কথাই ধরুন। আধুনিক আলোকবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর পাশে ছিলেন আল-খাওয়ারিজমির মতো বিজ্ঞানীরা। আজ আপনি যে অ্যালগরিদম ব্যবহার করে এই ভিডিও দেখছেন, তার পেছনে এই মেধারই ঐতিহাসিক ভিত্তি রয়েছে। জাবির ইবন হাইয়ান আধুনিক রসায়নের ভিত্তি গড়ে দেন, অষ্টম শতকে বিশ্বের প্রথম দিককার গবেষণাগার প্রতিষ্ঠা করেন। ইবন সিনার দিকে তাকান, যাঁর চিকিৎসাবিষয়ক বিশ্বকোষ শতাব্দীর পর শতাব্দী ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃত্বপূর্ণ গ্রন্থ ছিল প্রায় পাঁচশ বছর ধরে। আল-জাজারির দিকে তাকান—রোবোটিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পথিকৃৎ। ইবন খালদুন—সমাজবিজ্ঞান ও ইতিহাসচর্চার অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁরা সবাই গভীর বিশ্লেষণী মানসিকতা নিয়েই কুরআনের স্পর্শে গিয়েছিলেন, অতঃপর এর আয়াতগুলোর মধ্যে গভীর সামঞ্জস্যই পেয়েছেন। ফাতিমা আল-ফিহরির দিকে তাকান, যিনি বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মারিয়াম আল-ইজলিয়ার কথাও ধরুন। সেই সময়ে পশ্চিমে কোনো নারী বিজ্ঞানচর্চায় যুক্ত হলে, সে নির্যাতন ও মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারত। কিন্তু ইসলামি বিশ্বে মারিয়াম আল-ইজলিয়া এমন গণিত ও প্রকৌশলচর্চা করেছিলেন, যা ইউরোপ বহু শতাব্দী পরেও কল্পনা করতে পারেনি। তিনি ‘অ্যাস্ট্রোল্যাব’ নামে অত্যন্ত জটিল জ্যোতির্বৈজ্ঞানিক গণনাযন্ত্র নির্মাণ করেছিলেন। ইবন আল-বাইতার, আল-জাহিজ, আল-যাহরাবি, আল-বিরুনি, আল-বাত্তানি। এই তালিকা যেন শেষই হয় না। এ কারণেই মুসলিম অধ্যাপক ফুয়াত সেজগিন একবার বলেছিলেন, “পশ্চিমা সভ্যতা হচ্ছে ইসলামের সন্তান।” তাই এখন থেকে কেউ যদি বলে সে কুরআনে ভুল খুঁজে পেয়েছে, আপনি শুধু হেসে নিতে পারেন। কারণ এখন আপনার হাতে মূল চাবিকাঠিগুলো আছে। দাবিটিকে এগুলোর আলোকে যাচাই করুন। এক—প্রথমে ইসলামের প্রমাণগুলোর দিকে মন দিন। কেবল একটি প্রশ্ন আপনার পুরো বিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দিতে পারবে না। দুই—তারা কি কুরআনকে পদার্থবিদ্যার পাঠ্যবই হিসেবে দেখছে, জীবনের পথনির্দেশিকা হিসেবে নয়?

কুরআন মহাবিশ্বের কথা বলে আমাদের রসায়ন বা জ্যোতির্বিজ্ঞান শেখাতে নয়, বরং শিল্পীর পরিচয় করিয়ে দিতে। তিন—শুধু শব্দের দিকে তাকাবেন না। এর পেছনের অর্থটি বোঝার চেষ্টা করুন। হয়তো তারা সেই গভীর অর্থটাই মিস করছে, যা স্রষ্টা আমাদের দেখাতে চান। চার—আসলে আল্লাহ কি আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাচ্ছেন না, এবং সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে বলছেন না? কুরআন যখন কোনো সৃষ্টির কথা বলে, হয়তো সেটির দৈনন্দিন ভৌত কাজটাই মূল বিষয় নয়। পাঁচ—আপনি কি পাঠকের ভুলের দায় লেখকের ওপর দিচ্ছেন?

কোনো মানব আলেমের ভুল অনুমানকে আল্লাহর নির্ভুল বাণীর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ছয়—নিজেকে প্রশ্ন করুন, “আমি কি স্রষ্টার মূল শব্দ পড়ছি, নাকি একজন অনুবাদকের সীমিত শব্দভাণ্ডার?” আপনি মহিমান্বিত ঐশী বাণীকে সংকুচিত করে ফেলতে পারেন না' একটি সরল অনূদিত শব্দে গুঁজে দেওয়া যায় না। হয়তো আপনি একটি সমুদ্রকে ছোট্ট কাপে ঢালার চেষ্টা করছেন। সাত—আপনি কি সত্য বিশেষজ্ঞদের কাছ থেকে খুঁজছেন, নাকি তাদের কাছ থেকে, যারা শুধু বিতর্ক চায়?

আপনি যদি সত্যিই কিতাবটি বুঝতে চান, তাহলে তাদের কাছে বসতে হবে, যারা জীবনভর এর অধ্যয়নে নিজেদের নিয়োজিত করেছেন। তাদের কাছে নয়, যারা এটিকে আক্রমণ করে লাভবান হয়। আট—ইসলাম অন্য ধর্মগুলোর মতো নয়, তাই একে সেভাবে বিচার করবেন না। কারণ একশো ধর্মের মধ্যে সত্য হতে পারে কেবল একটি। তাহলে যুক্তিগতভাবেই বাকি ৯৯টি ভুল হবে। আর স্বাভাবিকভাবেই সেগুলো বিজ্ঞান বা যুক্তির সঙ্গে সংঘাতে পড়তে পারে। সত্য ধর্মটিকেও যদি সেই ৯৯টি ত্রুটিপূর্ণ ব্যবস্থার সঙ্গে একসাথে বেঁধে ফেলেন, তাহলে আপনি নিরপেক্ষ নন। আপনি শুধু অলস বিচার করছেন। আপনি এমন একটি ইতিহাস দিয়ে একটি ধর্মকে বিচার করছেন, যা আসলে তার ইতিহাসই নয়। মানুষের বানানো ধারণাগুলোয় ধুলো জমাট হলেও, কুরআন সবসময় নতুন ও সতেজ থাকে। এটি পুরোনো হয় না। বরং প্রতিটি যুগে যেন আরও নবীন হয়ে ওঠে। বিজ্ঞান যতবার সামনে এগোয়, ততবারই তা কিতাব থেকে দূরে সরে না। বরং আরও গভীরে প্রবেশ করে। মনে রাখবেন, ইতিহাসে এমন অহংকারী সমালোচকের অভাব নেই, যারা নিজেদের মনগড়া ভুল ধারণা দিয়ে কুরআনকে উপহাস করেছে। আজ সেই ভুল তত্ত্বগুলো বিস্মৃত। আর সেই সমালোচকেরা তাদের অনুতাপ নিয়েই কবরের মধ্যে একা পড়ে আছে। কারণ বিজ্ঞানও পরিবর্তিত হয়। আজ যেটিকে অস্বীকার করে, কাল সেটিই গ্রহণ করতে পারে। আর আপনি যদি এই চাবিকাঠিগুলো প্রয়োগ করেন, তাহলে বিরোধের ভ্রমটাও মিলিয়ে যায়। মহাবিশ্বকে ভাবুন স্রষ্টার লেখা একটি বই হিসেবে। বিজ্ঞান শুধু বইটির ওজন আর অক্ষরের আকারের দিকেই নজর দেয়, কাগজ, কালি ও বাক্যের গঠন নিয়ে কাজ করে। কিন্তু চিঠির আসল বার্তা নিজে থেকে পড়তে পারে না। অন্যদিকে কুরআন হলো মহাবিশ্বের অর্থ বোঝার অনুবাদ-নির্দেশিকা। এটি সৃষ্টির পেছনের অর্থ উন্মোচন করে, এবং আমাদের স্রষ্টার বার্তাগুলো পড়তে সাহায্য করে। আপনি যদি কুরআনকে বিজ্ঞান থেকে পুরোপুরি আলাদা করেন, তাহলে সারাজীবন শুধু মহাবিশ্ব নামের বইটির অক্ষর গুনেই কাটাবেন। কিন্তু আসল বার্তাটি কখনো বুঝতে পারবেন না। আর যেহেতু দুটি বইয়ের রচয়িতা একই, তাই তাদের মধ্যে প্রকৃত বিরোধ থাকা যৌক্তিকভাবেই অসম্ভব। আপনি কি জানতে চান আমাদের ভিডিওগুলোর মূল উৎস কী?

আমরা আপনাকে আমাদের নিজস্ব লাইব্রেরিতে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই একই উৎসে আপনাকেও আমরা অ্যাক্সেস দিচ্ছি আমাদের My Risale তাফসির রিডিং অ্যাপের মাধ্যমে। এর বিল্ট-ইন ট্র্যাকিং ফিচারের মাধ্যমে, আপনি কুরআনের অর্থগুলো অন্বেষণ করতে পারবেন, আপনার ঈমানকে শক্তিশালী করতে পারবেন, এবং ইসলামের সত্যতা কীভাবে প্রমাণ করতে হয় তা শিখতে পারবেন' আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে, মুহাম্মদ ﷺ-এর নবুওয়ত প্রমাণ করতে, এবং ঈমানের অন্যান্য সব বিষয়কে আত্মবিশ্বাসী ও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। শয়তানকে এই সুযোগটি পিছিয়ে দিতে দেবেন না। নিচের লিংকে ক্লিক করুন, এই ফ্রি অ্যাপটি ডাউনলোড করুন, এবং আজই আমাদের সঙ্গে আপনার পথচলা শুরু করুন।
