এক মাকড়সার জাল রক্ষা করেছিল নবী মুহাম্মদ ﷺ-এর জীবন! - ইয়া মুহাম্মাদ (সাঃ) | পর্ব ৫
প্রকাশের তারিখ
মক্কার প্রতিটি গোত্র থেকে বাছাইকরা লোকদের একটি দল মরণাস্ত্র হাতে চুপিসারে এগিয়ে যাচ্ছিল' রাতের অন্ধকার ভেদ করে, সরাসরি রাসূলুল্লাহ ﷺ–এর ঘরের দিকে। তারা একত্রিত হয়েছিল তাঁকে হত্যা করার জন্য। তারা একটি সুচিন্তিত পরিকল্পনা করেছিল এবং উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় ছিল। কিন্তু তারা কি সফল হয়েছিল?
ঘটনা কীভাবে এখানে এসে পৌঁছাল তা বুঝতে, চলুন প্রথমে একটু পেছনে ফিরে যাই। এটি ছিল নবুওয়তের ত্রয়োদশ বছর। আল্লাহর রাসূল ﷺ সাহাবিদের বললেন, “এক স্বপ্নে আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। এটি খেজুরবাগানে পরিপূর্ণ এক ভূমি, যা দুই পাথুরে প্রান্তরের মাঝখানে অবস্থিত।” দুই বছরের নিরলস প্রস্তুতির পর মুসলমানরা ইয়াসরিবে শেকড় গেড়ে বসেছিল, এবং মদিনার দরজা মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছিল। দ্বিতীয় আকাবার বায়আত সম্পন্ন হয়েছিল, আর আল্লাহ এখন তাঁর রাসূল ও তাঁর সাহাবিদের জন্য হিজরতের স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। এভাবেই হিজরতের সেই দিনগুলো ঘনিয়ে এলো। যেই দিনগুলো ছিল কষ্টে পরিপূর্ণ, আর বেশকিছু অলৌকিক ঘটনায় ভরপুর। এই ভিডিও সিরিজটি বিশ্বস্ত ইসলামী সূত্রের নির্ভরযোগ্য শত শত রেফারেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সব এআই ভিজ্যুয়াল প্রস্তুত করা হয়েছে যোগ্য মুসলিম স্কলারদের পরামর্শে, এবং তা ইসলামী নির্দেশীকাগুলোর সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। নবী ﷺ–এর এই কথাগুলোর পর, সাহাবিরা দলবদ্ধভাবে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আমির ইবন রাবিয়া ও তাঁর স্ত্রী লায়লা প্রথম হিজরতকারীদের মধ্যে ছিলেন। তারা এর আগে আবিসিনিয়াতেও হিজরত করেছিলেন, আর এখন দ্বীনের প্রয়োজনে, তারা দ্বিতীয়বারের মতো নিজ মাতৃভূমি ত্যাগ করছিলেন। মক্কাবাসীদের দৃষ্টি এড়ানোর জন্য, অন্য সাহাবিরাও ছোট ছোট দলে রওনা হলেন। শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে, এই যাত্রাগুলো আমরা যতটা ধারনা করি তার চেয়েও ছিলো অনেকবেশী কঠিন। প্রতিটি কাফেলাকে ইয়াসরিবে পৌঁছানোর আগে নানাবিধ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। যখনই মক্কাবাসীরা কাউকে হিজরত করতে দেখত, তারা তাদের থামানোর চেষ্টা করত। আর যদি তারা তাদেরকে ধরে ফেলতে পারতো, তাহলে তাদের মক্কায় ফিরিয়ে এনে চরম নির্যাতন করত। আরেকটি বেদনাদায়ক কষ্ট ছিল নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়া। যে ঘরে তারা বছরের পর বছর বসবাস করেছিলেন, সেই স্মৃতিগুলো...
এটি ছিল এক বিরাট ত্যাগ, যা সহ্য করা সবার পক্ষে সহজ ছিল না। তারা নিজেদের জীবনের সবকিছু শুধু কেবল ইসলামের উদ্দেশ্যেই উৎসর্গ করছিলেন। দুনিয়ার প্রতি তাদের কোনো আসক্তি ছিল না। আল্লাহ ও তাঁর রাসূল যা ই করতেন, তাই তাদের জন্য যথেষ্ট ছিল। এজন্যই তারা যে কোনো মূল্যেই হিজরত করতেন। কিন্তু সাহাবিদের মধ্যে একজন ছিলেন ব্যতিক্রম। সবাই যখন গোপনে হিজরত করছিলেন, তিনি কোমরে তরবারি বাঁধলেন, ধনুক, তীর ও বর্শা হাতে নিলেন, এবং সরাসরি কাবার দিকে রওনা হলেন। সবার সামনে তিনি কাবা শরীফ তাওয়াফ করলেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন: “দেখো, আমি হিজরত করছি! আল্লাহর সন্তুষ্টির জন্য! আমার ঈমান রক্ষার জন্য!
যে তার স্ত্রীকে বিধবা করতে চায়, যে তার মাকে কাঁদাতে চায়, এবং সন্তানদের এতিম করতে চায়— সে এই উপত্যকায় এসে আমার মুখোমুখি হোক!” তারা তার পিছু নেওয়া তো দূরের কথা, একটি উত্তর দেওয়ারও সাহস পেল না। সেই ব্যক্তি আর কেউ নন, তিনিই ছিলেন উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)। আর এরপর তিনি তার সঙ্গে নিয়ে গেলেন প্রায় বিশজন দরিদ্র ও দুর্বল মুসলিমকে। এবং ইয়াসরিবের পথে রওনা হলেন। পরবর্তীতে আলী (রাদিয়াল্লাহু আনহু) বলেছিলেন, “আমি এমন কাউকে জানি না যিনি গোপনে হিজরত করেননি উমর ইবনুল খাত্তাব ছাড়া।” মক্কা থেকে যারা হিজরত করেছিলেন তাদের বলা হতো মুহাজিরুন (অভিবাসী), আর মদিনার মুসলিমরা যারা তাদের স্বাগত জানিয়েছিলেন ও সাহায্য করেছিলেন তাদের বলা হতো আনসার (সহায়ক)। আনসাররা মুহাজিরুনদের অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছিলেন, তাদের নিজেদের ঘরে আশ্রয় দিয়েছিলেন আর যত্ন নিয়েছিলেন। আর যে মুহাজিরুনরা অবিবাহিত ছিলেন, তারা অবস্থান করতেন আরেকজন অবিবাহিত সাহাবির বাড়িতে, সা‘দ ইবন খাইসামা (রাদিয়াল্লাহু আনহু)-এর গৃহে। পেছনে রয়ে গিয়েছিলেন কেবল আলী, আবু বকর, নবী ﷺ, আর তাঁদের পরিবারবর্গ, এবং সেই সাহাবিরা যাদের মক্কার মুশরিকরা আটকে রেখেছিল। এছাড়াও কিছু মুসলিম তখনও আবিসিনিয়ায় ছিলেন। পরে তাঁদের কেউ কেউ নবী ﷺ–এর হিজরতের পর ইয়াসরিবে চলে যান, আর অন্যরা আবিসিনিয়ায় থেকে সেখানে ইসলাম প্রচার অব্যাহত রাখেন। তাহলে নবী ﷺ হিজরতের জন্য কীসের অপেক্ষায় ছিলেন?
তিনি চাইলে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে চলে যেতে পারতেন। কিন্তু একজন প্রকৃত নেতা হিসেবে, তিনি সবসময় অন্যদের অগ্রাধিকার দিতেন। তাঁর প্রথম চিন্তা ছিল নিশ্চিত করা যেন সাহাবিরা নিরাপদে ইয়াসরিবে পৌঁছান। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, তিনি তখনও আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি পাননি, তাই অপেক্ষা করছিলেন। কিন্তু এসবের পাশাপাশি আরেকটি কারণও ছিল। যা আবারও সবার প্রকৃত চরিত্র উন্মোচন করেছিল। এটি স্পষ্ট করে দিয়েছিল কে আন্তরিক আর কে নয়। রাসূলুল্লাহ ﷺ–এর কাছে তখনও ছিল মুশরিকদের অর্পিত কিছু সম্পদ। আর তিনি খুব ভালো করেই জানতেন আল্লাহর কাছে আমানতের দায়িত্ব কত গুরুতর। এত কঠিন সময়েও তিনি পরিকল্পনা করছিলেন সেগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার। মক্কার মুশরিকদের বোঝা সত্যিই কঠিন। একদিকে, তারা নবী ﷺ–কে নিজেদের শত্রু মনে করত; তাঁকে হত্যা করার চেষ্টা করত, মিথ্যাবাদী ও জাদুকর বলে অপমান করত। তবুও অন্যদিকে তারা অবিরত নিজেদের মূল্যবান জিনিস তাঁর কাছে আমানত রাখত এবং কখনও তা আর ফেরত চাইত না। তারা এখনও তাঁর ওয়াদার উপর নির্ভর করত এবং তাঁকেই সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি মনে করত, কারণ তারা জানত, তিনি কখনও অসততা বা প্রতারণায় জড়িত ছিলেন না। কিন্তু তিনি যে বিষয়ে তাদের আহ্বান জানাচ্ছিলেন, তা তাদের স্বার্থের পরিপন্থী ছিল। আবু বকর ও আলী (রাদিয়াল্লাহু আনহুমা) এই হিজরতে সম্ভবত সবচেয়ে কঠিন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছিলেন। আবু বকর নিয়মিতভাবে আসতেন নবী ﷺ–এর কাছে। এবং হিজরতের অনুমতি চাইতেন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ তখনও তাঁকে অনুমতি দিতেন না। বরং ইঙ্গিত দিয়ে বলতেন, “তাড়াহুড়ো করবেন না। সম্ভবত আল্লাহ আপনাকে এই সফরের জন্য এক নেক সঙ্গী দান করবেন।” যত বেশি মুসলিম হিজরত করতে লাগলেন, কুরাইশরা ততই উদ্বিগ্ন হয়ে উঠল। তারা আশঙ্কা করল, যদি রাসূলুল্লাহ ﷺ–ও চলে যান এবং তাঁদের নেতা হয়ে ওঠেন, তাহলে মুসলিমরা হয়ে উঠবে এক অপ্রতিরোধ্য শক্তি। আর বিষয়টিকে আরও জটিল করে তুলল যে, শামের বাণিজ্যপথ ইয়াসরিবের মধ্য দিয়ে যেত, ফলে তাদের সে পথে প্রবেশাধিকার বন্ধ হয়ে যেতে পারে। তারা কোনোভাবেই তা হতে দিতে পারে না। তাই তারা সমাধান খুঁজতে দারুন নাদওয়ায় সমবেত হলো। নবী ﷺ সম্পর্কে প্রত্যেকে নিজের মতামত দিল। কেউ বলল, “চলুন, তাঁকে বন্দী করি।” “চলুন, তাঁকে নির্বাসনে পাঠাই।” আর কেউ বলল, “চলুন, তাঁকে হত্যা করি।” কিন্তু এসব প্রস্তাবের কোনোটিই গৃহীত হলো না, বিশেষ করে হত্যার প্রস্তাবটি। এটি ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ তারা যদি তা করত, তবে বনু হাশিম গোত্রের সাথে রক্তের শত্রুতা শুরু হয়ে যেত। তারা প্রতিশোধের ভয় করছিল। অবশেষে আবু জাহল একটি শয়তানি পরিকল্পনা দিল। “তাঁকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এ কাজের জন্য আমরা প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবক বেছে নেব, এবং প্রত্যেকের হাতে একটি ধারালো তলোয়ার দেব। তারপর তারা সবাই একসাথে আঘাত করবে এবং তাঁকে হত্যা করবে। এভাবেই আমরা তাঁর হাত থেকে মুক্ত হব। তাতে কেউ জানবে না কে আসলে হত্যাটি করেছে, আর বনু হাশিম সব গোত্রের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে সাহস পাবে না, এবং তাদের রক্তপণ গ্রহণ করতেই হবে। আমরা এর প্রতিদান দেব, আর বিষয়টি মিটে যাবে।” অতঃপর সবাই তাঁর পরিকল্পনায় সম্মত হলো। কিন্তু একটি সত্য মুশরিকরা বিবেচনায় আনেনি। এই সব ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন আল্লাহর রাসূল ﷺ। সূরা আল-আনফালে আমাদের রব এই নির্দিষ্ট ঘটনার কথা বলেছেন: “আর স্মরণ করুন, হে মুহাম্মদ, যখন কাফিররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল আপনাকে বন্দী করে রাখতে, অথবা হত্যা করতে, অথবা মক্কা থেকে বের করে দিতে। তারা পরিকল্পনা করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।” মুশরিকরা যখন নিজেদের পরিকল্পনায় ব্যস্ত ছিল, আল্লাহ তখন আরও মহান পরিকল্পনা করেছিলেন। জিবরাইল (আলাইহিস সালাম)-এর মাধ্যমে, তিনি নবী ﷺ–কে তাদের ষড়যন্ত্রের কথা জানালেন এবং তাঁকে হিজরত করার নির্দেশ দিলেন। যে বরকতময় সফর শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, তা শুরু হতে চলল। দীর্ঘ বারোটা বছর ধরে তিনি মক্কায় ইসলাম প্রচারের সংগ্রাম করেছেন। তিনি এত পরিশ্রম করেছেন, এত গভীর দুঃখ অনুভব করেছেন যে আল্লাহ তাঁকে এক আয়াতে সম্বোধন করে বলেছেন, “তারা ঈমান আনছে না বলে আপনি যেন শোকে নিজেকে শেষ করে ফেলবেন।” কিন্তু তাঁর সব প্রচেষ্টা সত্ত্বেও, মুশরিকরা তাদের একগুঁয়েমি কখনো ত্যাগ করেনি। আর এখন নবী ﷺ–এর দাওয়াত ইয়াসরিবে অব্যাহত থাকবে। দুপুরের প্রখর রৌদ্রে, রাসূলুল্লাহ ﷺ আবু বকরের বাড়িতে গেলেন। এমন অস্বাভাবিক সময়ে নবী ﷺ–কে আসতে দেখে তিনি খুবই বিস্মিত হলেন। তিনি মনে মনে বললেন, “আল্লাহর কসম, তিনি এ সময়ে কখনও আসেন না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে।” তিনি নবী ﷺ–কে ভেতরে স্বাগত জানালেন এবং নিজের বালিশে বসালেন। “হে আল্লাহর রাসূল, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক। আপনি কী সংবাদ এনেছেন?” তখন নবী ﷺ তাঁকে সুসংবাদ দিলেন: “আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে মক্কা ত্যাগ করে ইয়াসরিবে হিজরত করার অনুমতি দিয়েছেন, এবং সেখানে চলে যেতে বলেছেন।” আবু বকরের মনে এই একটি বিষয় উঁকি দিচ্ছিলো, (রাদিয়াল্লাহু আনহু) অত্যন্ত আগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করছিলেন। তিনি অন্তর থেকে তা কামনা করতেন। তবুও তিনি কখনও সরাসরি নবী ﷺ–কে জিজ্ঞেস করেননি। কিন্তু রাসূলুল্লাহ ﷺ মাঝে মাঝে তাঁকে ইঙ্গিত দিতেন। অবশেষে তিনি সাহস সঞ্চয় করলেন প্রশ্নটি করতে, যা তাঁর হৃদয়ে জ্বলছিল: “হে আল্লাহর রাসূল, এই সফরে আমি কি আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য পাব?” নবী ﷺ যখন বললেন, “হ্যাঁ,” আবু বকর এত আনন্দিত হলেন যে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) পরবর্তীতে তাঁর পিতা সম্পর্কে বলতেন, “আমি কাউকে আনন্দে কাঁদতে দেখিনি যেভাবে সেদিন আমার পিতা কেঁদেছিলেন।” আবু বকর যে হিজরতের জন্য অপেক্ষা করছিলেন, তার সময় অবশেষে এসে গেল। আর তাঁর পাশে ছিলেন সর্বশ্রেষ্ঠ সঙ্গী। কিন্তু তারা কীভাবে মক্কা ছাড়বেন মুশরিকদের সব ষড়যন্ত্র সত্ত্বেও যারা তাদের পথরোধ করতে চেয়েছিল?
আল্লাহর রাসূল সবকিছু আগেই ভেবে রেখেছিলেন, এবং তাঁর পরিকল্পনাও প্রস্তুত ছিল। প্রথমে, তারা একজন বিশ্বস্ত পথপ্রদর্শকের সাথে চুক্তি করবেন, আব্দুল্লাহ ইবন উরাইকিত, এবং তাঁকে অগ্রিম দুটো উট দেবেন। তারপর, তারা সওর পাহাড়ের দিকে রওনা হবেন এবং সেখানে তিন দিন তিন রাত অবস্থান করবেন। কারণ সওর পাহাড় ছিল মদিনার পথের বিপরীত দিকে। এটি ছিল শত্রুদের বিভ্রান্ত করার উপায়। তিন দিন তারা সওরের গুহায় থাকবেন, পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায়। এ সময় আবু বকরের কন্যা, আমাদের মা আসমা (রাদিয়াল্লাহু আনহা), পাহাড়ে খাবার পৌঁছে দেবেন। এটি মোটেও ছোট কোন ছোটখাট ঝুঁকি ছিল না, কারণ তিনি তখন সাত মাসের গর্ভবতী ছিলেন। সে অবস্থাতেও তিনি খাড়া পাথুরে পাহাড়ে উঠানামা করতেন প্রায় ৭৫০ মিটার উচ্চতায়। আবু বকরের পুত্র আবদুল্লাহ, যার বয়স ছিল মাত্র দশ বছর। তার কাজ ছিল বাজারে ঘুরে বেড়ানো, মুশরিকরা কী বলছে তা মনোযোগ দিয়ে শোনা, এবং সে খবর তাদের কাছে পৌঁছে দেওয়া। আরেক সাহাবি, আমির ইবন ফুহাইরা, নিজের পশুগুলো একই পথে হাঁকিয়ে নিয়ে যেতেন সেই পথে' যে পথে উনারা যাবেন, যাতে তাদের পদচিহ্নগুলো ঢেকে যায়। প্রক্রিয়ার প্রতিটি ধাপই সতর্কতার সাথে পরিকল্পিতভাবেই করা হচ্ছিল। এই সবকিছুর মধ্য দিয়ে, আল্লাহর রাসূল ﷺ তার উম্মতকে আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা দিচ্ছিলেন সর্বোত্তমভাবে। প্রথমে তিনি আল্লাহর সাহায্য চাইলেন, তারপর পরিকল্পনা করলেন, প্রয়োজনীয় সতর্কতা নিলেন, যা করার সবই করলেন, আর তারপর ফলাফল আল্লাহর ওপরই ছেড়ে দিলেন। আবু বকর এই সফরের জন্য আগেই প্রস্তুত করে রাখা দুটি উট প্রস্তাব করলেন। কিন্তু আল্লাহর রাসূল ﷺ বললেন, “এর মূল্য পরিশোধ করার পরেই কেবল আমি এটি নিতে পারি।” যদিও আবু বকর বললেন, “আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান,” নবী ﷺ তবুও অনড় রইলেন। আর কোনো উপায় না থাকায় আবু বকরকে সম্মত হতে হলো, এবং আল্লাহর রাসূল ﷺ উটটি ঋণ হিসেবে গ্রহণ করলেন। সুযোগ পেলেই সর্বপ্রথম তিনি এর মূল্য পরিশোধ করবেন। এই উটটির নাম ছিল কাসওয়া, নবী ﷺ–এর প্রসিদ্ধ উট। এটি ছিল এক বিশেষ উট, এবং সীরাতে (জীবনীতে) এর কথা বহুবার এসেছে। আর তারা যখন ইয়াসরিবে পৌঁছবেন, তখন এটি এক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবে। মুশরিকরা যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বলে, তাদের যত দ্রুত সম্ভব রওনা হওয়া দরকার ছিল। কিন্তু তাঁর কাছে আমানত রাখা জিনিসগুলোর কী হবে?
রাসূলুল্লাহ ﷺ আলীর কাছে গেলেন। তাঁকে বললেন যে তিনি হিজরত করতে যাচ্ছেন, এবং বললেন, “আজ রাতে আমার বিছানায় ঘুমাবেন, এবং আমার এই সবুজ চাদরটি গায়ে জড়িয়ে নেবেন। ভয় পাবেন না। আপনার কোনো ক্ষতি হবে না।” মক্কার লোকেরা যদি তাঁর বিছানা খালি দেখত, তবে তারা বুঝে ফেলত নবী ﷺ চলে গেছেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে ধরতে বেরিয়ে পড়ত। তাই এই পদক্ষেপের ফলে হাতে কিছুটাতো সময় পাওয়া যাবে। আর তারপর আলী (রাদিয়াল্লাহু আনহু) অমানতগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেবেন এবং পরে তাদের সঙ্গে যোগ দেবেন। এমন কাজ কি অসাধারণ আনুগত্য, ত্যাগ আর সাহসের দাবি করে না?
কারণ ঐ বিছানায় শুয়ে পড়ার অর্থ ছিল মৃত্যুর মুখোমুখি হতে প্রস্তুত থাকা। কিন্তু আল্লাহর রাসূল ﷺ যখন কথা দিলেন এবং বললেন, “ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না,” আলীর জন্য এটুকুই যথেষ্ট ছিল। কারণ তিনি ইতোমধ্যেই একটি প্রতিজ্ঞা করেছিলেন যখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। আপনার কী মনে আছে, একবার নবী ﷺ জিজ্ঞেস করেছিলেন, “কে আমার আহ্বানে সাড়া দেবে এবং আমার সহায়ক হবে?” তিনি হাত তুলেছিলেন এবং বলেছিলেন, “হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাহায্য করব, যদিও আমি সবার মধ্যে সর্বকনিষ্ঠ।” আর এখন, তিনি সত্যিই সেই কথাগুলো বাস্তবে পরিণত করছিলেন। আল্লাহর রাসূল ﷺ আলীকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, এবং তারা বিদায় নিলেন। কিন্তু তিনি বের হওয়ার ঠিক আগমুহূর্তে, বাড়িটি ঘিরে ফেলা হলো। প্রত্যেক গোত্র থেকে দক্ষ তলোয়ারবাজরা এসে ঘরটির চারপাশে ঘিরে ফেললো। তাহলে এখন কীভাবে কি হবে?
তারা কি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়বে?
তারা জাহিলিয়্যাতের মানুষ হলেও (অজ্ঞতার যুগের), তাদের মধ্যে এখনও কিছু সম্মানবোধ ছিল। তাদের কাছে, কারও নিজের ঘরের ভেতর তাকে হত্যা করা ছিল এক লজ্জাজনক কাপুরুষতা। তাই তারা নবী ﷺ–এর বাইরে বের হওয়ার অপেক্ষা করল। আর রাসূলুল্লাহ ﷺ, আল্লাহর ওপর পূর্ণ ভরসায়, সামান্যতম ভয়ও অনুভব করলেন না। তিনি একমুঠো মাটি নিলেন, মুশরিকদের দিকে ছুড়ে দিলেন, আর সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত তিলাওয়াত করতে করতে তিনি একেবারে তাদের মাঝ দিয়েই পার হয়ে গেলেন। নবম আয়াতে আল্লাহ বলেন: “আর আমরা তাদের সামনে একটি আড়াল স্থাপন করেছি এবং তাদের পেছনেও একটি আড়াল, আর তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।” চোখ কেবল তখনই দেখতে পারে, যখন দৃষ্টির প্রকৃত মালিক আল্লাহ অনুমতি দেন। সে রাতে আল্লাহ মুশরিকদের চোখের ওপর একটি পর্দা ফেলে দিলেন, আর তাদের কাছ থেকে তাঁর রাসূলকে আড়াল করে রাখলেন। কি ঘটেছে তা একেবারেই না বুঝে, তারা তখনও দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল নবী ﷺ বের হবেন বলে। অবশেষে পাশ দিয়ে যাওয়া একজন লোক তাদের জিজ্ঞেস করল, “এখানে কীসের অপেক্ষা করছেন?” “আমরা মুহাম্মদের অপেক্ষা করছি।” “মুহাম্মদ তো আপনাদের ওপর ধুলো ছুড়ে কিছুক্ষণ আগেই চলে গেছেন। নিজেদের দিকে তাকিয়ে দেখুন।” যখন তারা নিজেদের দিকে তাকাল, তারা দেখল তাদের কাপড়ে মাটির কণা লেগে আছে। তারা হতভম্ব হয়ে গেল এবং বুঝতেই পারল না আসলে হচ্ছেটা কী। তারপর তারা ভেতরে তাকিয়ে দেখল বিছানায় এখনও কেউ একজন শুয়ে আছে। “ওহ্ এখানেই আছে। মুহাম্মদ ওখানেই শুয়ে আছেন।” আবার তারা অপেক্ষা করতে লাগলো। এই সময়ের মধ্যে, আল্লাহর রাসূল ﷺ ইতোমধ্যেই আবু বকরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, তারা প্রথমে দুটি উট উরাইকিতের কাছে হস্তান্তর করলেন। তারা ঠিক করলেন তিন দিন পরে সওর পাহাড়ের পাদদেশে দেখা করবেন, আর তারপর রওনা হবেন। এদিকে, মুশরিকরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেই থাকল নবিজীর জন্য' ভোরের আলো ফোটার আগ পর্যন্ত। আর সকাল হলে, আলী রাদিয়াল্লাহু আনহু বিছানা থেকে উঠে বসলেন। মুশরিকরা তাঁকে দেখে হতভম্ব হয়ে গেল, এবং জিজ্ঞেস করল, “মুহাম্মদ কোথায়?” “আমি জানি না। আপনারাই তাঁকে এমন পরিস্থিতির জন্যে বাধ্য করেছিলেন। তাই তিনি চলে গেছেন।” মুশরিকরা ভীষণ ক্ষুব্ধ হলো। তারা আলী (রাদিয়াল্লাহু আনহু)-কে ধমক দিল এবং টানাহেঁচড়া শুরু করল। তারা তাঁকে আবার কাবার কাছে নিয়ে গেল এবং কিছু সময় সেখানে আটকে রাখল তারপর তাকে ছেড়ে দিল। এরপর তারা মক্কার অলিগলি তন্ন তন্ন করে খুঁজতে লাগল আল্লাহর রাসূল ﷺ–কে, যে কোনো সম্ভাব্য জায়গায় খোঁজ নিল যেখানে তিনি যেতে পারেন। আবু জাহেল সিদ্ধান্ত নিল আবু বকরের বাড়িতে যাবে। “এখনই দরজা খুলুন!” তার কন্যা আসমা দরজা খুলল। আবু জাহেল জিজ্ঞেস করল, “তোমার বাবা কোথায়?” আসমা বলল, “আমি জানি না।” তারপর, সে গর্ভবতী—এ কথাও না ভেবে, আবু জাহল তাকে এত জোরে চড় মারল যে তার কানের দুল মাটিতে পড়ে গেল। তারা সর্বত্র খুঁজল, কিন্তু তবুও নবী ﷺ কিংবা আবু বকরকে খুঁজে পেল না। অবশেষে, তারা বুঝতে পারল যে তারা ইতোমধ্যেই চলে গেছে। এবার তারা পুরস্কার ঘোষণা করল: যদি কেউ আমাদের কাছে মুহাম্মদ অথবা আবু বকরকে জীবিত কিংবা মৃত অবস্থায় আনবে—তাকে ১০০টি উট পুরস্কার দেয়া হবে। এটা ছিল শহরের প্রতিটি চোর, খুনি, আর অসহায়-হতাশ মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ। তারা পুরস্কার নিতে ছুটে বেরিয়ে পড়ল। মক্কায় এসব ঘটতে থাকাকালীন সময়ের মধ্যেই, আল্লাহর রাসূল ﷺ ও আবু বকর শুক্রবার রাতে সওরের গুহায় পৌঁছে গেলেন। প্রথমে আবু বকর ভেতরে গেলেন, গুহাটি পরিষ্কার করলেন এবং প্রস্তুত করলেন। কারণ ভেতরে কিছু ছিদ্র ছিল, তিনি আশঙ্কা করছিলেন কোনো সাপ বা পোকামাকড় ঢুকে পড়তে পারে এবং নবী ﷺ–কে ক্ষতি করতে পারে। তাই তিনি নিজের কাপড় ছিঁড়ে টুকরো টুকরো করলেন এবং সেই ছিদ্রগুলোতে গুঁজে দিলেন। কাপড় যথেষ্ট না হলে, শেষ ছিদ্রটি তিনি নিজের পা দিয়ে চেপে ধরলেন। তারপর তিনি নবী ﷺ–কে ভেতরে আসতে বললেন। রাসূলুল্লাহ ﷺ প্রবেশ করলেন, আবু বকরের কোলের ওপর মাথা রেখে বিশ্রাম নিলেন এবং ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর, আবু বকর ভয়ংকর দহনযন্ত্রণা অনুভব করলেন। যে পা দিয়ে তিনি ছিদ্রটি চেপে ধরেছিলেন, সেখানে একটি সাপ তাকে কামড় দিয়েছিল। তবুও তিনি পা সরালেন না। আল্লাহর রাসূল ﷺ জেগে উঠতে পারেন—এই আশঙ্কায় তিনি নড়াচড়াও করলেন না। কিন্তু ব্যথা এত তীব্র ছিল যে তাঁর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আর তার কয়েক ফোঁটা অশ্রু নবী ﷺ–এর মুখে পড়ল এবং তাতেই তিনি জেগে উঠলেন। রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, “হে আবু বকর, কী হয়েছে?” তিনি বললেন, “হে আল্লাহর রাসূল, কিছু একটা আমার পায়ে কামড় দিয়েছে। থাক বাদ দিন, তেমন কিছু না। আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান।” আল্লাহ তাঁর নবীর বরকতময় লালাকে শিফার মাধ্যম করে দিলেন। আল্লাহর রাসূল ﷺ নিজের লালা দিয়ে ক্ষতস্থানে স্পর্শ করলেন, এবং সঙ্গে সঙ্গেই, আবু বকরের ব্যথা চলে গেল। বহু বছর পরে, উমর (রাদিয়াল্লাহু আনহু) সেই রাতের কথা স্মরণ করিয়ে সাহাবাদের বলতেন, “যাঁর হাতে আমার প্রাণ, আবু বকরের সেই রাত উমরের পুরো পরিবার থেকেও উত্তম।” এই কথার মাধ্যমে তিনি সেই রাতকে নিজের সমগ্র জীবনের চেয়েও মূল্যবান বলতেন। আল্লাহর হুকুমে, একটি মাকড়সা দ্রুত বড় একটি জাল বুনে দিল গুহার মুখ জুড়ে। যে কেউ এটি দেখলে জাত্যে সন্দেহ করতে না পারে যে, আল্লাহর রাসূল ﷺ গুহার ভেতরে আছেন। তবে এটিও ছিল এক ইঙ্গিত যে বিপদ খুব কাছেই। মুশরিকরা এসে পৌঁছাবে গুহার একেবারে মুখ পর্যন্ত। যে দিনগুলো নবী ﷺ ও আবু বকর গুহায় ছিলেন, আসমা (রাদিয়াল্লাহু আনহা) তাদের জন্য খাবার নিয়ে আসতেন। তিনি দু’টি খাবারের পোঁটলা প্রস্তুত করেছিলেন, কিন্তু বাঁধার মতো দড়ি খুঁজে পাচ্ছিলেন না। তার কাছে ছিল শুধু তার কোমরবন্ধনী। সে সমাজে, একজন নারীর কোমরবন্ধনী ছাড়া থাকা বড় লজ্জার বিষয় মনে করা হতো, অশালীনতার আলামত হিসেবে দেখা হতো। তবুও তিনি সেই লজ্জা মেনে নিলেন, এটি খুলে ফেললেন এবং পোঁটলা বাঁধতে ব্যবহার করলেন। নবী ﷺ যখন এটি দেখলেন, তিনি বললেন, “জান্নাতে আসমার জন্য দুটি কোমরবন্ধনী থাকবে।” এদিকে, নির্মম মুশরিকরা সর্বত্র তাদের খুঁজে বেড়াচ্ছিল। তাদের দক্ষ পদচিহ্ন-অনুসারীরা প্রতিটি চিহ্ন খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল। অবশেষে, তারা কিছু পদচিহ্ন পেয়ে গেল এবং তা অনুসরণ করতে শুরু করল। কিন্তু পদচিহ্নগুলো সওর পাহাড়ের দিকে যাচ্ছিল। এটা তাদের কাছে অস্বাভাবিক লাগল, কারণ পাহাড়টি ছিল মদিনার পথের উল্টো দিকেই। তবুও তারা চেষ্টা না করে হালছেড়ে দিবেন এমনটা কিন্ত নয় । তাই তারা এগিয়ে চলল এবং শেষ পর্যন্ত পাহাড়ে পৌঁছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়লেন, কারণ এখন তারা গুহার একেবারে কাছেই। তিনি ভয় পেয়েছিলেন, তবে নিজের জন্য নয়। যদি নবী ﷺ, যাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, উনাকে যদি হত্যা করা হয়?
তাহলে তাঁদের মিশনকি তবে এভাবেই শেষ হয়ে যাবে?
মুশরিকরা (বহুত্ববাদীরা) গুহার দিকে এগিয়ে আসছিল। আবু বকর ফিসফিস করে বললেন, “হে আল্লাহর রাসূল, তারা যদি আমাকে মেরে ফেলে, তাতে কিছু যায় আসে না। মূলত আমি তো একজন মানুষ মাত্র। কিন্তু যদি, মাআযাল্লাহ (আল্লাহ না করুন), তারা আপনার কোন ক্ষতি করে, তবে পুরো উম্মাহ ধ্বংস হয়ে যাবে।” আল্লাহর ওপর পূর্ণ ভরসায়, নবী ﷺ জবাব দিলেন, “লা তাহযান, ইন্নাল্লাহা মা’আনা।” “দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” মুশরিকরা বলল, “এই গুহাটাও তল্লাশি করি।” আর তাদের একজন গুহার মুখের একেবারে কাছেই চলে এল। তারা এতটাই কাছে ছিল যে, যেকোনো মুহূর্তে রাসূলুল্লাহ ﷺ ও আবু বকরকে দেখে ফেলতে পারে। আবু বকর বললেন, “হে আল্লাহর রাসূল ﷺ, তারা যদি শুধু পায়ের নিচের দিকে তাকায়, তাহলে নিশ্চয়ই আমাদের দেখে ফেলবে।” শান্ত স্বরে, আল্লাহর রাসূল ﷺ বললেন, “হে আবু বকর, আপনি কেন দুই জনকে নিয়ে চিন্তা করছেন, যখন আল্লাহ তাদের সাথেই আছেন তৃতীয়জন হয়ে?” কুরাইশদের এক নেতা, উমাইয়া ইবনে খালাফ রাগে চিৎকার করে বলল, “তোমরা এখনও কেন এই গুহার কাছে দাঁড়িয়ে আছ?
তোমরা কি গুহার মুখে মাকড়সার জাল দেখতে পাচ্ছ না? আল্লাহর কসম, আমার তো মনে হয়— মুহাম্মদের জন্মেরও আগে থেকেই এই জাল এখানে ছিল!” তাই তারা যা খুঁজছিল তা না পেয়েই গুহা ছেড়ে চলে গেল। একটি মাকড়সার সূক্ষ্ম জালের মাধ্যমেই, আল্লাহ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিলেন— যারা নিজেকে খুব চতুর ও শক্তিশালী ভাবত। অবশেষে, নবী ﷺ এবং আবু বকর গুহা থেকে বেরিয়ে এলেন। এবার তাদের সফর এগিয়ে নেওয়ার সময় হলো। তারা দেখা করবেন আব্দুল্লাহ ইবনে উরাইকিতের সঙ্গে, যিনি উটগুলো নিয়ে আসবেন, এবং একসঙ্গে তারা ইয়াসরিবের উদেশ্যে রওনা হবেন। মজার ব্যাপার ছিল— আব্দুল্লাহ ইবনে উরাইকিত ছিলেন একজন মুশরিক। ভাবুন তো। তার লোকেরা যদি জানতে পারত তিনি কী করছেন—তাহলে তার কী হতো?
আর তাছাড়া, তিনি যদি নবী ﷺ–কে বিশ্বাসঘাতকতা করতেন এবং তাঁকে তাদের হাতে তুলে দিতেন, তাহলে তিনি পেতেন ১০০ উটের পুরস্কার। তবুও, নবী ﷺ–কে সেবা করার বিনিময়ে, তিনি পাবেন মাত্র দুটি। কিন্তু উরাইকিত ছিলেন বিশ্বস্ত ব্যক্তি, তিনি ছিলেন কথা দিয়ে কথা রাখার যোগ্য মানুষ। কারও নজরে না পড়েই, তিনি উটগুলো নিয়ে এলেন এবং তারপর পথ দেখিয়ে তাদের এগিয়ে দিলেন। অবিশ্বাসী হয়েও, তিনি নিজের অঙ্গীকার ভাঙেননি। “আপনার উত্তম সেবার জন্য ধন্যবাদ।” হাজওয়ারাহ নামের এক এলাকা দিয়ে যাওয়ার সময়, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার উট থামালেন আর শেষবারের মতো একবার মক্কার দিকে ফিরে তাকালেন। হৃদয়ে গভীর বেদনা নিয়ে তিনি বিদায়ী এই কথাগুলো বললেন: “আপনি আল্লাহর জমিনগুলোর মধ্যে সর্বোত্তম এবং আমার কাছে সবচেয়ে প্রিয়। এখানকার লোকেরা যদি আমাকে বের করে না দিত, আমি কখনোই আপনাকে ছেড়ে যেতাম না।” তবে তিনি আগেই এই সুসংবাদ পেয়েছিলেন যে তিনি ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা (পবিত্র ও মহান) তাঁর প্রতি এই সান্ত্বনাদায়ক আয়াত নাজিল করলেন: “নিশ্চয়ই যিনি আপনার ওপর কুরআন ফরজ করেছেন, তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন ফিরে আসার স্থানে।” অর্থাৎ—তার নিজভূমি, মক্কায়। মনে আছে, প্রথম ওহি নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–কে ওয়ারাকা কী বলেছিলেন?
“আপনার জাতি আপনাকে আপনার ভূমি থেকে বের করে দেবে।” সেই মুহূর্তে, সেই কথাগুলোর অর্থ আগের যেকোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়ে উঠল। মক্কাবাসীরা তাদের চোখের সামনে উদিত হতে থাকা সূর্যটিকেও দেখতে পেল না। আর এখন, এই অমূল্য সম্পদ— সমগ্র জগতের জন্য রহমত— তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তারা অনেকটা পথ পাড়ি দিয়ে পথের ধারে একটি তাঁবুর কাছে এসে পৌঁছালেন। তাদের একটু বিশ্রাম দরকার ছিল। তাঁবুটি ছিল আবু মা’বাদের এবং তাঁর স্ত্রী উম্মে মা’বাদের। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের সালাম দিলেন। তিনি কিছু খাবার কিনতে চাইলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, “আপনাদের কাছে কি খেজুর অথবা খাওয়ার মতো কোন কিছু আছে?” উম্মে মা’বাদ অতিথিকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করলেন। তিনি বললেন, দেওয়ার মতোতো কোনো খাবার নেই। তারপর রাসূলুল্লাহ ﷺ একটি রোগা, দুর্বল ছাগল দেখলেন এবং জিজ্ঞেস করলেন, “এটার কি দুধ নেই?” উম্মে মা’বাদ জবাব দিলেন, “এর শরীরেই তো রক্ত নেই। এ কীভাবে দুধ দেবে?” তারপর রাসূলুল্লাহ ﷺ ছাগলটি দোহন করতে চাইলেন, আর উম্মে মা’বাদ তাঁকে অনুমতি দিলেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছাগলটির ওপর হাত রাখলেন এবং তার দুধের ওপর হাত বুলালেন। তিনি বললেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং দুআ করলেন। তারপর তিনি তাদেরকে একটি বালতি আনতে বললেন এবং ছাগলটি দোহন করতে শুরু করলেন। তাদের বিস্ময়ে, সেই দুর্বল ছাগলটি এত দুধ দিল যে পুরো বালতিটাই পরিপূর্ণ হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই পেট ভরে পান করল। নবী তিনবার দোহন করলেন এবং তৃতীয় বালতিটি উম্মে মা’বাদের জন্য রেখে দিলেন। তারপর তারা আবার পথ চলা শুরু করলেন। পরে উম্মে মা’বাদ বলেছিলেন ছাগলটি বহু বছর ধরে এভাবেই দুধ দিয়েছিল। এমনকি দুর্ভিক্ষের বছরগুলোতেও, যখন অন্য সবকিছু ফুরিয়ে যেত, তখনও তারা সকাল-সন্ধ্যায় এটা দোহন করত। কষ্টের সফর তখনও শেষ হয়নি। প্রতিটি পদক্ষেপে তারা মৃত্যুর স্থায়ী হুমকির মধ্যে পথ চলতে থাকলেন। মক্কায়, ১০০টি উটের পুরস্কারের খবর ছড়িয়ে পড়েছিল, আর বহু লোক তা পাওয়ার আশায় ছুটে এসেছিল। তাদের একজন ছিল সুরাকা। সে জানতে পেরেছিলো, তিনজনের একটি দল একটা নির্দিষ্ট দিকে যেতে দেখেছে। সে বুঝে ফেলল তারা কারা, কিন্তু পুরস্কারটা ছিল অত্যন্ত বড়, আর সে চাইছিল পুরোটা একাই পেতে। তাই সে এমন ভান করে উত্তর দিল, যেন বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয়, বলল, “না, আপনারা যাদের দেখেছেন তারা তো অমুক-তমুক লোক। তারা একটু আগে এখান দিয়ে গেছে। আমরাও তাদের দেখেছি।” কিন্তু এরপরই সে ঘোড়ায় চড়ে রওনা দিল। সুরাকা ছিল দক্ষ অনুসন্ধানকারী, পদচিহ্ন ধরতে সে দারুণ পারদর্শী ছিল। এবং অল্প সময়ের মধ্যেই, সে রাসূলুল্লাহ ﷺ, আবু বকর, ও আব্দুল্লাহ ইবনে উরাইকিতের নাগাল পেয়ে গেলো। সে যতই কাছে আসছিল, হঠাৎ তার ঘোড়া হোঁচট খেয়ে তাকে মাটিতে ফেলে দিল। সে আবার উঠতে চেষ্টা করল, কিন্তু আবারও মাটিতে পড়ে গেল। আর তারপর একটু পরেই, আবারও একই ঘটনা ঘটল। এবার ঘোড়াটির দুই সামনের পা বালির মধ্যে গভীরভাবে দেবে গেল। অনেক চেষ্টা করেও, সে সেটাকে বের করতে পারল না। তখন সে কিছুটা বুঝতে শুরু করল। এটা কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ তাদেরকে হেফাজত করছেন। সে চিৎকার করে বলল, “হে মুহাম্মদ!
দুআ করুন যেন আমি রক্ষা পাই!
আমি আপনাদের কখনো ক্ষতি করব না, এবং আমার পরে যারা আসবে—তাদের কাউকেও আপনার কথা বলব না!” আর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন দুআ করলেন, সুরাকা মুক্ত হয়ে গেল। ঘটনাটি তাকে গভীরভাবে আলোড়িত করল। সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–কে কাছে ডাকলেন এবং তারা কথা বলতে লাগলেন। সেই মুহূর্তে, সে ইসলাম গ্রহণ করেনি। তবে তার হৃদয়ে ঈমানের বীজ অঙ্কুরিত হতে শুরু করল। এবং পরে, সেও মুসলিম হয়ে গিয়েছিল। নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঙ্গে কথা বলে সে বলল, “হে আল্লাহর রাসূল, আমাকে নির্দেশ দিন, আপনি যা চান—আমি তাই করব।” রাসূলুল্লাহ তাকে বললেন, অন্যদেরকে তাদের অনুসরণ করা থেকে যেন বিরত রাখে। তাই সুরাকা তৎক্ষণাৎ ফিরে গেল, এবং কুরাইশের পাঠানো অনুসন্ধানকারীদের সঙ্গে দেখা হলে সে বলল, “আমি পুরো এলাকা খুঁজেছি, কাউকেই পাইনি। চলুন, অন্য কোথাও খুঁজি।” এই বলে সে তাদেরকে ফিরিয়ে দিল। দিনের শুরুতে, সে মরুভূমিতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল নবী ﷺ–কে ধরতে। কিন্তু দিনের শেষে, সে-ই হয়ে গেল তাঁর রক্ষাকর্তা। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরে তাকে বলেছিলেন, “সুরাকা, আপনি কী আনন্দিত হবেন, যখন আপনি কিসরার কংকণ পরবেন!” সেই মুহূর্তে, সুরাকা বুঝতে পারেনি। কিন্তু বহু বছর পরে, কাদিসিয়্যার বিজয়ের পর, কিসরার ধনভাণ্ডার উটের পিঠে করে আনা হলো। তখনকার খলিফা, উমর (রাদিয়াল্লাহু আনহু), সুরাকাকে ডেকে পাঠালেন। হিজরতের এই কাহিনি নিয়ে ভাবলে, একটি শক্তিশালী বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। সুরাকা এসেছিল, কিন্তু তাকে হত্যা করতে পারেনি। তার মাথার মূল্য নির্ধারিত ছিল ১০০টি উট, ডজন ডজন মানুষ পুরস্কারের আশায় তাদের তাড়া করেছিল, কিন্তু তারা তার কাছে পৌঁছাতে পারল না। তাঁর প্রাণ নিতে তারা তাঁর ঘর ঘিরে ফেলেছিল, তবু তাঁকে দেখতেও পারেনি। গুহায় তারা তাঁর একেবারে কাছে চলে এসেছিল, তবু তাঁকে হত্যা করতে পারেনি। এবং তারা কখনোই সক্ষম হবেনা। কারণ রাসুলুল্লাহর লক্ষ্য-উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ্ তাঁকে মৃত্যুর হাত থেকে হেফাজত করবেন। কুরআনের নাজিল সম্পন্ন হয়ে যাওয়ার পর, তিনি নিজ শয্যায় প্রশান্তিতে ইন্তেকাল করবেন। বরং একটি মুজিযা হিসেবে, কুরআনে এটাও আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। সূরা আল-মায়িদাহ এর, ৬৭ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন: হে রাসূল!
আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে তা প্রচার করুন; যদি না করেন তবে তো আপনি তাঁর বার্তা প্রচার করলেন না। আর মানুষের অনিষ্ট হতে আল্লাহ্ই আপনাকে রক্ষা করবেন একবার ভাবুন তো। তাদের পরিকল্পনা ছিল খুবই সহজ: শুধু একজন মানুষকে হত্যা করবো আর গল্প এখানেই শেষ। কিন্তু মক্কায় তিনি ১২ বছর তাদের মাঝে থাকার পরও, তাঁকে পুরোপুরি নিরস্ত্র দেখালেও, তারা তাদের লক্ষ্যে ব্যর্থই থেকে গেল। আর তাঁর জীবনের পুরোটা সময়জুড়ে তাঁকে অগণিত হত্যাচেষ্টা করা হয়েছে। তিনি নামাজ পড়ছিলেন—তখন তারা পাথর দিয়ে মাথা চূর্ণ করতে চেয়েছিল। আরেকবার, পেছন থেকে গলা টিপে ধরতে চেয়েছিল। তিনি যখন গাছের নিচে শুয়ে ছিলেন, তখন তারা তরবারি বের করে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাঁকে মরণঘাতী বিষ মেশানো খাবার পরিবেশন করা হয়েছিল। তিনি দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন—তখন, উপর থেকে পাথর ফেলে তাঁকে হত্যা করতে চেয়েছিল। উমর (রাঃ) এর কথা মনে আছে?
এক সময় তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি যুদ্ধগুলোতে অংশ নিয়েছেন, প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, এবং অত্যন্ত কঠিন সময় পার করেছেন। তবু তিনি সবকিছু থেকেই বেঁচে ফিরেছেন। এটা কি বিস্ময়কর নয়— এমন ঝুকিপূর্ণ জীবন ও লক্ষ্যবস্তু নিয়ে একজন মানুষ, ২৩ বছরেও যাকে হত্যা করা গেল না, অথচ শেষমেষ নিজ বিছানায় অত্যন্ত প্রশান্তিতে ইন্তেকাল করলেন?
আর যেটি এবিষয়টিকে আরও বিস্ময়কর করে তুলেছিল তা হলো - কুরআনের তা আগে থেকেই জানিয়ে দেওয়া। আমাদের রব, তাঁর রাসূলকে সকল মানুষের হাত থেকে রক্ষা করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি তাঁকে সত্যিই হেফাজত করেছেন। রাসূলুল্লাহ ﷺ ও আবু বকর প্রায় দশ দিন ধরে পথ চলছিলেন। মুসলিমদের জন্য এক নতুন যুগের সূচনা ঘটাবে যে হিজরত, তা অবশেষে সমাপ্তির পথে। এই বরকতময় সফর ছিল মনে রাখার মতোই—এমন বহু দৃশ্যে ভরা: ভ্রাতৃত্ব, ত্যাগ, আল্লাহর ওপর তাওয়াক্কুল, আকুলতা, হিদায়াতের বীজ বপন, বিপদের মুহূর্ত, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা, আর মুজিযা। বাইরের দৃষ্টিতে, এটা ছিল কেবলমাত্র ১০ দিনের সফর। কিন্তু মনে হচ্ছিল, যেন এটা আরও অনেক দীর্ঘ ছিল। প্রতিটি মুহূর্তে ছিল ভিন্ন অনুভূতি, আর ভিন্ন ভিন্ন শিক্ষা। তিনি এখন মদিনাকে আলিঙ্গন করতে যাচ্ছেন। যে নগরী অচিরেই ইসলামের কেন্দ্র হয়ে উঠবে। ইয়াসরিবকে মদিনায় রূপান্তর করার পথে এগোনোর আগে, চলুন একটু দেখে আসি ইয়াসরিব কেমন জায়গা ছিল। ইহুদিদের পাশাপাশি, ইয়াসরিবে দুটি বড় আরব গোত্র বাস করত: আউস ও খাযরাজ। এই দুই আরব গোত্রের আগেই ইহুদিরা ইয়াসরিবে বসতি স্থাপন করেছিল, কারণ তাদের ধর্মগ্রন্থ থেকে তারা জানত, শেষ নবী একদিন ইয়াসরিবে হিজরত করবেন। এই কারণেই তারা সেখানে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিল। তারা তিনটি গোত্রে বিভক্ত ছিল: বনু কায়নুকা, বনু কুরায়জা, এবং বনু নাদির। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদিনায় পৌঁছালেন, নগরীর জনসংখ্যা ছিল প্রায় ১০,০০০, এবং তাদের প্রায় ৪০%ই ছিল ইহুদি। সংখ্যায় সংখ্যালঘু হয়েও, ক্ষমতার দিক থেকে তারা আরবদের চেয়ে প্রভাবশালী ছিল, বিশেষ করে ব্যবসা ও রাজনীতিতে, এছাড়াও আরও নানান ক্ষেত্রে। বহু বছর ধরে, আউস ও খাযরাজ গোত্র একে অন্যের সঙ্গে যুদ্ধ করে আসছিল। শেষ সংঘর্ষে, সংখ্যায় কম হয়েও আউস গোত্র খাযরাজকে পরাজিত করেছিল। এর পর, তারা একটি চুক্তি করার সিদ্ধান্ত নিল। তাদের মধ্য থেকে একজনকে রাজা নির্বাচন করা হবে। আর যে ব্যক্তির ওপর তারা একমত হয়েছিল, যার নাম বারবার আসবে, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালূল। এমনকি তিনি নিজের জন্য একটি মুকুটও বানিয়ে রেখেছিলেন। কিন্তু মুসলিমরা ইয়াসরিবে হিজরত করার সাথে সাথেই, নতুন ব্যবস্থা শুরু হওয়ার আগেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এই হতাশাই ইসলামের বিরুদ্ধে তার অন্তরে ঘৃণার আগুন জ্বালিয়ে দিল, যা তার জীবনের শেষ পর্যন্ত জ্বলতে থাকবে। তিনি কখনো প্রকাশ্যে তা স্বীকার করতেন না, কিন্তু বছরের পর বছর ধরে, তিনি গোপনে মুসলিমদের বিরুদ্ধে কাজ করেছেন, লুকানো পরিকল্পনা এঁটেছেন। তিনি বারবার চেষ্টা করেছেন চারপাশের লোকদের মন বিষিয়ে তুলতে। এবং এই কারণেই, ইতিহাস জুড়ে, তিনি স্মরণীয় হয়ে থাকবেন মুনাফিকদের সর্দার হিসেবে। তাহলে ইয়াসরিবে বিশ্বাসব্যবস্থা কেমন ছিল?
এটা মক্কার মুশরিকি বিশ্বাসের চেয়ে অনেক ভিন্ন ছিল। তাদের একটি মূর্তি ছিল—মানাত। মক্কার মতোই, তাদেরও কেবল অল্পসংখ্যক মানুষ মূর্তিপূজা প্রত্যাখ্যান করত এবং হানিফ (একেশ্বরবাদী) হিসেবে জীবন যাপন করত, যেমন ছিলেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পিতামাতা। এই নগরীকেই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একেবারে গোড়া থেকে সম্পূর্ণভাবে বদলে দেবেন, এবং প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র আর তার সংবিধান, শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, গোয়েন্দা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ব্যবস্থা—আরও অনেক কিছু। তাই চলুন আবার ফিরে যাই ইয়াসরিবে নবী ﷺ–এর আগমনের কথায়, এবং প্রত্যক্ষ করি— কীভাবে তা মদিনায় রূপান্তরিত হলো। মদিনায় পৌঁছানোর আগে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শেষ তিন দিন কাটিয়েছিলেন কুবায়, নগরী থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের এক গ্রামে। এখানেই তিনি দৃঢ় ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ করেন প্রথম মসজিদ—মসজিদে কুবা। এখানেই তিনি আবার মিলিত হন আলী (রাদিয়াল্লাহু আনহু)–এর সঙ্গে। মনে আছে তো, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর নির্দেশ অনুযায়ী, আলী মক্কায় থেকে গিয়েছিলেন আমানতগুলো তাদের মালিকদের ফিরিয়ে দিতে। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন তাঁকে দেখলেন, তাঁর মুখে আনন্দ আর বেদনা—দুই-ই ফুটে উঠল। আলী প্রায় এক সপ্তাহ ধরে পথে ছিলেন। তিনি ক্লান্তিতে নুয়ে পড়েছিলেন। তার পায়ের তলা ফেটে গিয়েছিল এবং রক্ত ঝরছিল। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন তাঁর পায়ে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন, আলী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন— যেন কখনো আহতই হননি। অবশেষে, এক শুক্রবার রাতে, মদিনার পথে যাত্রা আবার শুরু হলো। সেখানে মুসলিমরা তার আগমনের জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। নারী, শিশু, পুরুষ—সবারই চোখ ছিল ঘণ্টার পর ঘণ্টা মরুভূমির দিকে স্থির। ফজরের নামাজের পর থেকেই তারা অপেক্ষা করছিল। আর দুপুরের তপ্ত রোদ ওঠা পর্যন্ত, তারা বারবার দিগন্তের দিকে তাকিয়ে থাকত। প্রতিটি হৃদয়ে ছিল একই উৎকণ্ঠা: আল্লাহর রাসূল ﷺ কি মক্কা থেকে নিরাপদে পৌঁছাবেন?
প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। অপেক্ষা চলতেই থাকল। একদিন আবারও তারা আল্লাহর রাসূল ﷺ–এর প্রত্যাশায় ছিল। কিন্তু কাউকে দেখা গেল না, কোনো শব্দও শোনা গেল না। দুপুরের তাপ আরও তীব্র হতে থাকলে, মানুষ একে একে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই, একটি কণ্ঠস্বর ঘোষণা করল: “হে আরবগণ!
আপনাদের নেতা এসে গেছেন!” এই বহুপ্রতীক্ষিত সংবাদটি ঘোষণা করেছিলেন একজন ইহুদি ব্যক্তি। একটি গাছের চূড়া থেকে, তিনি আল্লাহর রাসূল ﷺ–কে তাঁর সাথীদের সঙ্গে দেখেছিলেন। মুহূর্তেই, নীরব রাস্তাগুলো আনন্দ আর উল্লাসে ভরে উঠল। সব কষ্ট, মৃত্যুর সব আশঙ্কা—সবই এখন শেষ। হিজরত অবশেষে শেষ হলো। এটাই ছিল মদিনা। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইয়াসরিবের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মুসলিমদের আনন্দধ্বনি ও তাকবির রাস্তাজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আর এখানেই উচ্চারিত হলো সেই বিখ্যাত নাশীদ: তালা‘আল বাদরু ‘আলাইনা। এক কণ্ঠে—শিশু, তরুণ, বুড়ো—সবাই স্বাগত জানাল সেই আলোকে, যে আলো তাদের উপর উদিত হয়েছিল—এই কথাগুলো বলে: “ভাবুন তো—আপনি যদি সেই মুহূর্তে সেখানে থাকতেন। ওয়াদা উপত্যকা থেকে পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে। আল্লাহর পথে আহ্বান জানানোর জন্য আমাদের কৃতজ্ঞতা আদায় করতেই হবে। হে আপনি, যিনি আমাদের মাঝে লালিত-পালিত, এমন বাণী নিয়ে এসেছেন—যার আনুগত্য করা আবশ্যক। আপনি এই নগরীতে মর্যাদা ও মহত্ত্ব নিয়ে এসেছেন। স্বাগতম—আল্লাহর পথে আহ্বানকারীদের মধ্যে সর্বোত্তম।” সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আসছেন— সঙ্গে নিয়ে আসছেন ওহি, কুরআন, যা যুগে যুগে কথা বলবে সমগ্র মানবজাতির জন্যে। তিনি আসছেন সর্ববৃহৎ সুসংবাদ নিয়ে— চিরস্থায়ী আখিরাতের বার্তা, এবং অনন্ত সুখের প্রতিশ্রুতি নিয়ে। ভাবুন তো— এখন তিনি আপনার শহরেই বসবাস করবেন। আপনি তাঁকে দেখবেন মুসলিমদের নামাজে ইমামতি করতে, তাঁর মাজলিসে বসতে। হয়তো তিনি আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি কেমন আছেন। আপনি তাঁকে বলবেন এমন কোনো কষ্টের কথা, যা আপনি আর কাউকে কখনো বলেননি। দুনিয়ার বুকে আল্লাহর রাসূল আপনাকে আলিঙ্গন করবেন এবং সান্ত্বনা দেবেন। হয়তো তাঁর বলা কোনো কথা শতাব্দীর পর শতাব্দী ধরে হাদিস হিসেবে বেঁচে থাকবে। আপনি প্রত্যক্ষ করবেন আয়াত নাজিল হওয়ার দৃশ্য। এমন অনেক কিছুই আপনি স্বপ্ন দেখেন, অনেক কিছুর আকাঙ্ক্ষাও করতে পারেন। কিন্তু আপনি কি জানেন— আপনার সবচেয়ে বড় ইচ্ছা কী হবে?
আমার মনে হয়, আপনার সবচেয়ে বড় ইচ্ছা হবে— তিনি যেন অতিথি হিসেবে আপনার ঘরেই থাকেন। যেমনটি সে সময় প্রত্যেক সাহাবিই চেয়েছিলেন। সবার মনে প্রশ্ন ছিল, “তিনি কোথায় থাকবেন?” কারণ তখনও মদিনায় তাঁর নিজস্ব কোনো ঘর ছিল না। তাঁর উটের লাগাম ধরে লোকেরা অনুরোধ করছিল, “হে আল্লাহর রাসূল ﷺ, অনুগ্রহ করে আমাদের ঘরে চলুন।” কিন্তু রাসূলুল্লাহ ﷺ বললেন, “উটনীকে ছেড়ে দিন, কারণ সে যেখানে থামবে—সেই নির্দেশই তাকে দেওয়া হয়েছে।” তাহলে সেই জায়গাটা কোথায় হবে?
সবাই ভাবছিল— উটনী কাসওয়া কোথায় থামবে। মনে হচ্ছিল যেন জায়গা খুঁজছে— সে হাঁটতেই থাকল। ডানে-বামে মাথা ঘুরিয়ে, অবশেষে সে এক খণ্ড জমিতে থেমে বসে পড়ল। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “এখানেই আমরা থাকব,” এবং জিজ্ঞেস করলেন—এই জমির মালিক কে। এটি ছিল দুই এতিমের জমি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের ডাকলেন এবং এর মূল্য দিতে চাইলেন। কিন্তু সেই এতিম দুই কিশোর বলল, “হে রাসূলুল্লাহ ﷺ, আমরা এর বিনিময় শুধুই আল্লাহর কাছ থেকেই প্রত্যাশা করি।” এ কথা শুনে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুবই সন্তুষ্ট হলেন, কিন্তু তিনি কখনোই এতিমের হক বিনা মূল্যে নিতেন না। তাই তিনি তাদের প্রস্তাব গ্রহণ করলেন না। বরং আবু বকর সম্পূর্ণ মূল্য দিয়ে জমিটি কিনে নিলেন: ১০ মিসকাল স্বর্ণ। আর সেই জমিতেই নির্মিত হবে যে মসজিদকে আমরা আজ মসজিদে নববী নামে জানি। সেই মসজিদ। একবার ভাবুনতো— আবু বকরের দান কত মহিমান্বিত ছিল!
সেই মসজিদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করেছে, আর তাদের সব সওয়াব তাঁর আমলনামাতেও লিখিত হয়ে যাচ্ছে। মসজিদ নির্মাণ চলাকালীন, আল্লাহর রাসূল ﷺ নিকটবর্তী কোনো জায়গায় থাকতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, “আমাদের আত্মীয়দের মধ্যে কার ঘর কাছাকাছি?” খালিদ ইবনে যায়েদ, যিনি আবু আইয়ুব আল-আনসারি নামে পরিচিত, উচ্ছ্বসিত হয়ে বললেন, “ইয়া নাবিয়াল্লাহ (হে আল্লাহর নবী)! আমার ঘরটাই সবচেয়ে কাছে!
এই আমার ঘর, আর এই হলো দরজা!” তারপর নবী ﷺ–এর অনুমতিক্রমে, তিনি নবী ﷺ–এর জিনিসপত্র নিজ ঘরে নিয়ে গেলেন এবং তাঁর জন্য জায়গা প্রস্তুত করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই ঘরেই সাত মাস থাকবেন। প্রথম কাজ হিসেবে তিনি শুরু করলেন কেনা জমিতে মসজিদ নির্মাণ। যে জমিটি কেনা হয়েছিল তাতেই। নিজ বরকতময় হাতে, রাসূলুল্লাহ ﷺ নিজেই তার ভিত্তিপ্রস্তরের প্রথম পাথর রাখলেন। তিনি মসজিদ নির্মাণের কাজেও অংশ নিলেন। মুসলিমরা যখন তাঁকেও কাজ করতে দেখল, তারা আরও বেশি উদ্দীপনায় কাজ করতে লাগল। একদিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইট বহন করছিলেন, তখন এক সাহাবি বললেন, “হে আল্লাহর রাসূল ﷺ, এটা আমাকে দিন, আমি বহন করি।” কিন্তু রাসূলুল্লাহ উত্তরে বললেন, “যাও, আরেকটি নিয়ে বহন করো। আল্লাহর সওয়াবের প্রয়োজন তোমার চেয়ে আমার কম নয় কিন্তু।” যেমনটা মদিনা ইসলামের কেন্দ্র হয়ে উঠল, এই মসজিদও মদিনার কেন্দ্র হয়ে উঠবে। মদিনা আর মরুভূমির বুকে কষ্টে-সৃষ্টে টিকে থাকা কোনো শহর থাকতে পারবে না, যে শহরটি অবিরাম সংঘাতে ছিন্নভিন্ন। আর এখানে এমন কোন জায়গাও থাকতে পারবে না, যেখানে সর্দাররা রীতিনীতি নিয়ে সামান্য ঝগড়াতেই তলোয়ার তুলে নিতেন। একজন মানুষ আরেকজনের সঙ্গে জোট বেঁধে নিজের প্রতিবেশীর ওপর আক্রমণ করার দিনগুলোর অবসানতো ঘটতেই হতো। সংক্ষেপে, শহরটিকে আর এমন জায়গা হিসেবে থাকা চলবে না—যেখানে জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ নয়। শহরটিকে একদিন ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে তাই। আর এটি অর্জন করতে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন শত্রুর সঙ্গে লড়াই করতে হয়েছিল: অজ্ঞতা, দারিদ্র্য এবং দ্বন্দ্ব। অর্থাৎ মতবিরোধ, বিভাজন এবং সংঘর্ষ। দ্বন্দ্ব ঠেকাতে তিনি এমন এক কাজ করলেন, যা ইতিহাসে আগে কখনো করা হয়নি। একদিন তিনি আনাস ইবনে মালিককে আদেশ দিলেন মুহাজিরদের ডেকে আনতে, যারা মক্কা থেকে হিজরতকারী মুসলিম, আর আনসারদের—তাদের সাহায্যকারী, মদিনার মুসলিমদেরও। প্রায় ৪৫ জন মুহাজির ও ৪৫ জন আনসার আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর সামনে একত্রিত হলেন। কেন তাদের ডাকা হয়েছে, সাহাবিদের কোনো ধারণাই ছিল না। এখন কী হতে যাচ্ছে?
মু’সআব ইবনে উমাইর—আবু আইয়ুব আল-আনসারির সঙ্গে। সালমান আল-ফারিসি—আবু দারদার সঙ্গে। আল্লাহর রাসূল আনসারের প্রতিটি পুরুষকে মুহাজিরদের একজনের সঙ্গে জুড়ে দিলেন। দ্বন্দ্ব ঠেকানোর জন্য এটাই ছিল তাঁর অনন্য সমাধান: আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। অর্থাৎ, যিনি হিজরত করেছিলেন—এমন প্রতিটি সাহাবিকে মদিনার একজন সাহাবির সঙ্গে জুড়ে দিলেন এবং ঘোষণা করলেন—তারা ভাই ভাই। কারণ তিনি খুব ভালোভাবেই জানতেন—তাদের মধ্যে মতবিরোধ বন্ধ করার একমাত্র পথ সত্যিকারের ভ্রাতৃত্বের সঠিক উপলব্ধি গড়ে তোলা। আর এটা করতে গিয়ে, তিনি তাদের এলোমেলোভাবে জোড়া দেননি। তিনি এমন সাহাবিদের একত্র করলেন, যাদের স্বভাব একে অপরের সঙ্গে মানানসই ছিল, যারা সহজে মিলেমিশে থাকতে পারতেন। এভাবে তিনি সবাইকে ভাই ভাই বানালেন— কেবল একজন বাদে: আলী রাদিয়াল্লাহু আনহু (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হোন)। যখন তাঁর নাম ছাড়া সবার নামই ডাকা হলো, আলী মাথা নিচু করে আল্লাহর রাসূল ﷺ–এর কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল, আপনি সব সাহাবিকে পরস্পরের ভাই বানিয়ে দিলেন, কিন্তু আমাকে কারও ভাই বানালেন না।” আল্লাহর রাসূল ﷺ হাসলেন এবং বললেন, “হে আলী, দুনিয়া ও আখিরাতে আপনি আমার ভাই।” তিনি আলীকে তাঁর নিজেরই ভাই বানালেন। অবশ্যই, এই ভ্রাতৃত্ব শুধু কথায় ছিল না— “আমি তোমাদের ভাই ঘোষণা করলাম” বলেই থেমে যাওয়া নয়। মুহাজির তো পেছনে ফেলে এসেছিলেন নিজের ঘর, যে শহরে তিনি জন্মেছেন ও বড় হয়েছেন, নিজের সম্পদ, নিজের জমিজমা, এবং আত্মীয়স্বজন। আনসারী ভাই তাকে বলেননি, “আপনি একাই নিজের ব্যবস্থা করুন।” তিনি বলেননি, “আমি তো নিজেই কোনোমতে চলি।” বরং বাস্তবে, তিনি নিজের সম্পদের অর্ধেকই দিয়ে দিতেন তার ভাইকে। সেই মুহূর্ত থেকে তারা শুরু করতেন একই ঘরে একসঙ্গে বসবাস। অবশ্যই, মুহাজিররাও চেষ্টা করতেন কারও ওপর বোঝা না হতে। ইতিহাসে প্রথমবার, পৃথিবী এমন ভ্রাতৃত্ব প্রত্যক্ষ করল। কারণ তারা আন্তরিকভাবে নিজেদের আগে ভাইদের অগ্রাধিকার দিতেন। এই নিঃস্বার্থ আচরণগুলোর প্রশংসা আল্লাহ কুরআনে একটি আয়াতে বলেছেন: “আউযু বিল্লাহ (আমি আল্লাহর আশ্রয় চাই)...” ওয়া ইউ’থিরূনা ‘আলা আনফুসিহিম...
“তারা নিজেদের ওপর তাদের অগ্রাধিকার দেয়।” আর শতাব্দীর পর শতাব্দী ধরে, এই গুণটি শেখানো হবে ‘ঈসার’ (নিঃস্বার্থতা) নামে। এই অনন্য ব্যবস্থার মাধ্যমে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্ভাব্য দ্বন্দ্বগুলো ঠেকিয়ে দিলেন। তারপর এল তৃতীয় সমস্যার আরেকটি— যেটি আমরা বলেছিলাম: অজ্ঞতা, শিক্ষার অভাব। এটি মোকাবিলার জন্য, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় প্রথম আসার পরই, তিনি নির্দেশ দিলেন মসজিদে নববীর পাশে সুফফা নামে একটি বিদ্যালয় নির্মাণ করতে। আসলে, বলতে গেলে এটি ছিল অনেকটাই মক্কার দারুল আরকামেরই ধারাবাহিকতা। সুফফায় প্রায় ৭০ জন সাহাবি ছিলেন, আর তাদের অধিকাংশেরই ঘর ছিল না। তারা নিজেদের নিবেদিত করেছিলেন কেবল কুরআনের জন্য, তার অর্থ গভীরভাবে অধ্যয়নের জন্য এবং আল্লাহর রাসূলের কাছ থেকেই সরাসরি শিক্ষা গ্রহণের জন্য। সুফফাবাসীরা সম্পদের দিক থেকে ছিলেন দরিদ্র, কিন্তু তাকওয়া ও জ্ঞানের দিক থেকে ছিলেন অত্যন্ত সমৃদ্ধ। তারা রাত কাটাতেন ইবাদত ও শিক্ষায়। তাদের প্রয়োজনগুলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেই দেখভাল করতেন। আর তারা তাঁর পথ অনুসরণ করে যা শিখতেন তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতেন, এবং মানুষের শিক্ষক হিসেবে কাজ করতেন। এবং শুধু সুফফার মাধ্যমেই নয়; জুমার খুতবা (বক্তৃতা), ফরজ নামাজের পরের নসিহত, মানুষের প্রশ্নের উত্তরে তিনি যা বলতেন, তাঁর আচরণ, এবং নানা পরিস্থিতিতে তিনি যে মনোভাব দেখাতেন— এই সবকিছুর মাধ্যমেই তিনি সর্বদা সাহাবিদের শিক্ষা দিতেন। আর আপনি কি জানেন—আসলেই কী বিস্ময়কর তাই না?
মানব ইতিহাসে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে এত ব্যাপক শিক্ষা আর কেউ দেননি। সাধারণত, ইতিহাসে কেউ নাম করেন বেশিরভাগ সময়ই একটি মাত্র ক্ষেত্রে, যেমন অর্থনীতি। কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে তাদের বিশেষ অন্তর্দৃষ্টি থাকে না। তাদের দেওয়ার মতো তেমন কিছু থাকে না। অথবা কেউ আইনশাস্ত্রে খ্যাত হতে পারেন, কিন্তু অন্য ক্ষেত্রে সমাজকে রূপান্তর করার শক্তি থাকে না। তিনি যত বড় প্রতিভাবানই হোন না কেন, সাধারণত তিনি কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারেন সর্বোচ্চ দুই-তিনটি বিষয়ে। কিন্তু আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছেন স্পষ্ট, নির্ভুল নির্দেশনা জীবনের প্রতিটি ক্ষেত্রে—তাঁর হাদিসের মাধ্যমে। আজ আমরা যখন কুরআন এবং হাদিস (বাণী) দেখি, দেখতে পাই—সেগুলো কত অসংখ্য ক্ষেত্রে আমাদের শিক্ষা দেয়। যেমন—আইনশাস্ত্রে, যা একটি রাষ্ট্র শাসনের জন্য যথেষ্ট বিস্তৃত। ব্যবসা ও অর্থনীতিতে— যা একটি জাতি পরিচালনার জন্যে যথেষ্ট। পারিবারিক জীবনে—স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা, ঘরে শান্তি রক্ষা করা, এবং সন্তানদের সঠিকভাবে লালন-পালন করা। শুধু এই দুই ক্ষেত্রই একেবারে ভিন্ন ভিন্ন দক্ষতার ক্ষেত্র। তারপর আছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষার শিক্ষাও, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, এবং বিশেষ করে এই ক্ষেত্রে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানবতাকে এমন নির্দেশনা দিয়েছেন— যেখানে মানুষ এখনো পর্যন্তও সম্পূর্ণভাবে পৌঁছাতে পারেনি। নৈতিকতা, শিষ্টাচার, আত্মিক উন্নতি, এবং নফস (আত্মা) শৃঙ্খলায়ন; এমনকি প্রাণীদের প্রতি ভালোবাসাও এই শিক্ষার অন্তর্ভুক্ত। এমনকি চিকিৎসাবিষয়ে তাঁর শিক্ষার ওপর পুরো একটি বইও উৎসর্গ করা হয়েছে। যাকে বলা হয় তিব্ব আন-নাববী (নববী চিকিৎসা), যেখানে স্বাস্থ্য সম্পর্কিত লিপিবদ্ধ শত শত হাদিস একত্র করা হয়েছে। আর আপনি যদি হাদিসের কিতাবগুলো দেখেন, তাহলে এর চেয়েও অনেক বেশি বিষয় পাবেন। আর এগুলো কোনো এলোমেলো কথাও ছিল না। এমন শত শত হাদিস রয়েছে, যার প্রজ্ঞা আজও নিখুঁত এবং প্রাসঙ্গিক। ইতিহাস জুড়ে, প্রভাবশালী মানুষরা কেবল আংশিকভাবে সমাজকে বদলাতে পেরেছেন, তাও আবার শুধু একটি ক্ষেত্রেই। আর তারা বিশেষজ্ঞ হতে পেরেছেন মাত্র এক বা দুইটি বিষয়ে। কিন্তু ছিলেন একজন ব্যক্তি, যিনি সপ্তম শতকে জীবনযাপন করেছিলেন, আর তিনি যদিও জন্মেছিলেন ও বেড়ে উঠেছিলেন এক বেদুইন গোত্রে, তবুও এত সব ক্ষেত্রেই তাঁর ছিল গভীর জ্ঞান এবং তিনি মানুষকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন' জীবনের প্রতিটি ক্ষেত্রে। এটি সত্যিই এক বিস্ময়কর মু’জিযা ছিল। এটা স্পষ্ট ছিল যে তাঁকে শিক্ষা দিয়েছেন আল্লাহ, যাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে। এভাবেই, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অজ্ঞতার সমস্যাকে অতিক্রম করতে পেরেছিলেন। এরপর এল দারিদ্র্যের সমস্যা। কিন্তু এটি সমাধান করা অন্য দুইটির মতো সহজ ছিল না। কারণ বহু বছর ধরে, মদিনার মানুষরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল ইহুদি গোত্রগুলোর ওপর। শহরের বাজারগুলো ছিল তাদের নিয়ন্ত্রণে। তাই তারা তা পরিচালনা করত নিজেদের লাভের স্বার্থে। মদিনার অর্থনীতিতে যারা ক্ষমতা ধরে রেখেছিল, এবং শেষ কথা বলত—তারা ছিল ইহুদিরা। ব্যবসায়ী সাহাবিদের সহায়তায়, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে মদিনার বাজার পর্যবেক্ষণ করলেন। আর যা তিনি দেখলেন, তা থেকে তিনি বুঝলেন— ইহুদিদের আধিপত্যাধীন বাজারে মুসলিমরা প্রতিযোগিতায় টিকতে পারবে না। তাহলে কী করা যেতে পারে?
আবারও এক অনন্য কৌশলে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি নতুন বাজার স্থাপনের সিদ্ধান্ত নিলেন— যা হবে শুধু মুসলিমদের জন্য। তাই তিনি সঙ্গে সঙ্গেই সাহাবিদের বললেন একটি বড় তাঁবু স্থাপন করতে। আর সেই তাঁবুই হয়ে গেল তাদের বাজার। কিন্তু ব্যাপারটা কি শুধু তাঁবু খাটানোতেই সীমিত ছিল?
অবশ্যই নয়। আসল পার্থক্য তৈরি করেছিল ভ্রাতৃত্বের সেই বন্ধন, যা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শুরু থেকেই প্রতিষ্ঠা করেছিলেন। কারণ মুহাজিররা কৃষিকাজে খুব একটা পারদর্শী ছিলেন না, কিন্তু ব্যবসায় ছিলেন অত্যন্ত দক্ষ। অন্যদিকে আনসাররা ব্যবসায় ততটা অভিজ্ঞ ছিলেন না, কিন্তু কৃষিকাজে ছিলেন বিশেষজ্ঞ। আর নবী ﷺ যাদের ভাই বানিয়েছিলেন— এমন এই দুই দল যখন বাজারে একসঙ্গে কাজ করতে শুরু করল, তখন অল্প সময়েই চোখে পড়ার মতো সফলতা আসতে লাগল। সবকিছু খুব ভালোই চলছিল, হঠাৎ এক সকালে, যখন তারা বাজারে এসে এমন এক দৃশ্য দেখলেন, যা তারা কখনো কল্পনাও করেনি। আর তা ছিল ভয়াবহ। যে স্থানে তারা আগের দিন বেচাকেনা করেছিল, সেই জায়গাটাই এখন উধাও। কিন্তু এমন কাজ কে করতে পারে?
এটা করেছিল তারা, যারা এই সাফল্য সহ্য করতে পারেনি—ইহুদিরা। মুসলিমদের বাজার যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, তারা তা মেনে নিতে পারল না। তাই এক রাতে, কা’ব ইবনে আশরাফ নামে এক ইহুদি, যিনি ছিলেন কবি ও একদল সশস্ত্র লোকের নেতা, নিজের লোকজন জড়ো করল এবং পুরো জায়গাটি ধ্বংস করে দিল। সাহাবিরা তৎক্ষণাৎ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–কে জানালেন। নবী যখন বাজারে এলেন, সব সাহাবিই খুবই বিষণ্ন ছিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, “আজ থেকে আমরা আমাদের বাজার এমন জায়গায় সরিয়ে নেব, যা তাদের আরও বেশি ক্রুদ্ধ করে ফেলবে।” আর আরও বেশি উদ্দীপনা নিয়ে, তারা বাজার স্থানান্তর করতে শুরু করলেন। আসলে এখানে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের একটি গভীর শিক্ষা দিচ্ছিলেন: বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখা। ইতিবাচক দৃষ্টিতে দেখতে শিখিয়ে, তিনি আমাদের শেখান—এমন সময়েও কীভাবে হাসতে হয়, যা দেখতে মনে হয়, এই বুঝি সব শেষ হয়ে গেলো। নতুন বাজারের জন্য ‘বাকীউয্-জুবাইর’ নামে পরিচিত একটি জমি কেনা হলো। সেই দিন থেকে সেটাই হয়ে গেল মুসলিমদের স্থায়ী বাজার, এবং সেখান থেকে কোনো কর নেওয়া হতো না। এই বাজার প্রতিষ্ঠার মাধ্যমে, মুসলিমরা ব্যবসায় বড় অগ্রগতি করতে লাগলো। এভাবেই দারিদ্র্যতা দূর হয়ে গেলো। এখন কেবল একটি জিনিসই বাকি ছিল: এমন এক পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে একসঙ্গে থাকতে পারে। এর জন্য, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রস্তুত করলেন ঐতিহাসিক সেই ‘মদিনা সনদ’। এই চুক্তিতে ছিল ৪৭টি মূল ধারা এবং আরও ৫টি অতিরিক্ত শর্ত। এর মাধ্যমে আল্লাহর রাসূল ﷺ গোত্রগুলোর মধ্যে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মজার ব্যাপার হলো—ইহুদিরা যদিও তাঁকে নবী হিসেবে মানত না, তবুও তারা এই চুক্তিতে সম্মতি দিয়েছিল। কারণ ইহুদি গোত্রগুলোর মধ্যেও দুর্বলরা অত্যাচারিত হতো, আর শক্তিশালীরাই সব সময় ‘সঠিক’ বলে গণ্য হতো। মদিনায় যা কিছু ঘটছিল, ইহুদিরা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে কী ভাবছিল?
আগেই বলেছি, তারা জানত শেষ নবী এই ভূখণ্ডেই আবির্ভূত হবেন। আসলে এটাই ছিল তারা মদিনায় বসতি গড়ার মূল কারণ। নবীজীর এই শহরে হিজরত তাদের ওপর বড় প্রভাব ফেলেছিল। তারা ভাবতে শুরু করল: তিনি সত্যিই সেই নবী নয়তো? নিশ্চয়ই—তাওরাত ও ইনজিলে অনেক আয়াত ছিল যা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর দিকে ইঙ্গিত করত। তাঁর আগমন পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজও, যদিও তখনকার মতো এত বেশি নয়, কিছু স্পষ্ট লক্ষণ এখনো পাওয়া যায়। তাহলে এসব কিতাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর আগমনের কথা উল্লেখ করা কেন জরুরি ছিল?
কারণ এসব কিতাব মানুষের কল্যাণের জন্য তাদের সতর্ক করত এবং গুরুত্বপূর্ণ ঘটনাও জানিয়ে দিত। একটু ভেবে দেখুন। একজন নবী আবির্ভূত হন, আর ইতিহাস জুড়ে, তিনি কোনো না কোনোভাবে সমগ্র বিশ্বকে প্রভাবিত করেন। ১৪০০ বছর পেরিয়ে গেছে, আর আজ পৃথিবীর এক-চতুর্থাংশ মানুষ তাঁর প্রতি ঈমান রাখে। এটি মানব ইতিহাসের সবচেয়ে মহত্বপূর্ণ বিষয়গুলোর একটি। অবশ্যই, এই নবীর আগমনের পূর্বঘোষণা থাকা আবশ্যক ছিল। কিন্তু কীভাবে? তাঁকে কি একজন সৎ মানুষ হিসেবে উল্লেখ করা হতো? নাকি একজন মন্দ মানুষ হিসেবে?
অর্থাৎ, ঐ কিতাবগুলোকে বলতে হতো— “ভবিষ্যতে এমন একজন মানুষ আসবেন।” যদি তিনি মন্দ হতেন, তবে এই কিতাবগুলো সতর্ক করত— “সাবধান থাকুন, তিনি আপনার দ্বীনের ক্ষতি করবেন।” কিন্তু যদি তিনি সত্যিই নবী হন, তবে তারা বলত— “তিনি সেই নবী, যিনি ঈসা ও মূসা (আলাইহিমাস সালাম)–এর শেখানো সত্য দ্বীনকে ব্যাখ্যা করবেন। তাঁকে অনুসরণ করুন, যাতে আপনি ভ্রান্ত বিশ্বাসে না পড়েন।” এই কিতাবগুলোতে কি তাঁর সম্পর্কে কোনো নেতিবাচক আলামত ছিল?
একটিও ছিল না। তাই একেবারে স্পষ্ট, তাঁকে ইতিবাচকভাবেই উল্লেখ করা হয়েছে। আর এই কারণেই, সে সময়ের বহু ইহুদি ও খ্রিষ্টান পণ্ডিত ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদিদের মধ্যে তিনি ছিলেন একজন সম্মানিত আলেম। পরবর্তীতে, যখন তিনি নবীজীর সাক্ষাৎ পাওয়ার সুযোগ পেলেন, তখন তিনি তাঁকে তিনটি প্রশ্ন করেছিলেন, এবং যে উত্তরগুলো পেলেন তাতে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, এমন বিষয় শুধু একজন নবীই জানতে পারেন। আর সবচেয়ে বিস্ময়কর ছিল, তিনি যখন নবীজীর ﷺ চেহারার দিকে তাকালেন, তখন বললেন— “এটা কোনো মিথ্যাবাদীর মুখ হতে পারে না।” আর তারপরই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাঁর পাশাপাশি আরও অনেক ইহুদি আলেম ইসলাম গ্রহণ করেছিলেন: ইবনে ইয়ামিন, মুখাইরিক, এবং কা’ব আল-আহবার। প্রত্যেকেরই ছিল আলাদা আলাদা গল্প। আর যে খ্রিষ্টান পণ্ডিতরা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা ছিলেন: বাইজান্টাইন প্যাট্রিয়ার্ক দাগাতির, আবিসিনিয়ার রাজা নাজাশি, এবং আবিসিনিয়ার যাজকেরা, এছাড়াও নাজরানের লোকজন, এবং আরও অনেকে। তবে অবশ্যই, এমন লোকও ছিল যারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–কে গ্রহণ করেনি। তারা জানত একজন নবী আসবেন, কিন্তু তাদের ভালো লাগেনি যে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বনী ইসরাঈলের বংশধর নন। অর্থাৎ, ইতিহাসে আবারও বর্ণবাদ নিজের চেহারা দেখাল। তখন সূরা আল-বাকারা থেকে একটি আয়াত নাযিল হলো, যা তাদের অন্তরের অবস্থা খুব স্পষ্টভাবে বর্ণনা করল— “যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তাঁকে চেনে, যেমনটা তারা নিজেদের সন্তানদের চেনে। কিন্তু বাস্তবতা হলো, তাদের একটি দল জেনেশুনে সত্য গোপন করে।” রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর জীবনের পুরো সময়জুড়ে, আপনি দেখবেন—মদিনার এই তিনটি ইহুদি গোত্র কীভাবে তাঁর প্রতি শত্রুতার কারণে বারবার নানা ঝামেলা সৃষ্টি করেছিল। আর আমরা প্রত্যক্ষ করব— তারা কীভাবে তাঁর প্রস্তাবিত শান্তি প্রত্যাখ্যান করেছিল। ইয়াসরিব রূপান্তরিত হয়ে মদিনা হয়ে গেল। আর সেখানে প্রতিষ্ঠিত হলো একটি মহিমান্বিত ব্যবস্থা। কিন্তু এখানেই শেষ নয়। অবশ্যই, মক্কা মুসলিমদেরকে একা ছেড়ে দিতে যাচ্ছিল না। সুযোগ পেলেই তারা চেষ্টা করত তাদের সবাইকে ধ্বংস করে দিতে। এই দুই পক্ষের মধ্যে এখনও অনেক কিছু ঘটার বাকি ছিল। আর পরের পর্বে, আমরা তা একসঙ্গেই দেখব। আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ ঘটনাটি নিয়ে কথা বলব— এমন একটি ঘটনা, যা হয়তো মুসলিমদের এনে দিত তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, তারা আগে কখনো যার মুখোমুখি হয়নি, অথবা তাদের এমন এক শক্তি দিত যার অভিজ্ঞতা তারা আগে কখনো পায়নি। পরের পর্বের জন্য প্রস্তুত থাকুন, কারণ আমরা প্রত্যক্ষ করব ইতিহাসের সবচেয়ে বড় মোড় ঘোরানো ঘটনাগুলোর একটি— বদর যুদ্ধ।