Towards Eternity
ব্লগে ফিরে যান

বাইবেল আসলে কে লিখেছেন? খ্রিস্টান গবেষকরাই যা স্বীকার করেন! - বেথেলহেমের হারানো নক্ষত্র | পর্ব ২

প্রকাশের তারিখ

YouTube-এ দেখুন

একটু ভাবুন, আপনার হাতে একটি বই রয়েছে। এমন একটি বই, যার ওপর দুই শত কোটিরও বেশি মানুষ তাদের অনন্ত জীবনের ভবিষ্যৎ নির্ভর করে বলে বিশ্বাস করেন। আপনি বইটি খুলে দেখলেন—Matthew, Mark, Luke এবং John-এর নাম। কিন্তু এরপর আপনি একটি বিস্ময়কর বিষয় জানতে পারলেন। এই বইগুলোর কোনোটিই আসলে সেই ব্যক্তিদের লেখা নয়, যাদের নামে এগুলোর নামকরণ করা হয়েছে। আজ আমরা এমন একটি সত্য উন্মোচন করতে যাচ্ছি, যা বাইবেল-বিশারদরা প্রকাশ্যেই স্বীকার করেন, কিন্তু সাধারণ খ্রিস্টানদের তা কখনোই বলা হয় না। গসপেলগুলো সম্পূর্ণভাবে অজ্ঞাতনামা রচনা। এগুলো লিখেছেন এমন ব্যক্তিরা, যারা কখনো ঈসা (আ.)-কে দেখেননি, তাঁর সঙ্গে সাক্ষাৎও করেননি, এবং এগুলো এমন এক ভাষায় লেখা হয়েছে, যে ভাষায় ঈসা (আ.) কখনো কথাই বলেননি। কোইনে গ্রিক। আমি যদি বলি, সবচেয়ে প্রাচীন গসপেলটিও ঈসা (আ.)-এর প্রায় ৪০ বছর পর লেখা হয়েছিল—তাহলে?

আর বাকিগুলো? ৫০, ৬০, এমনকি ৭০ বছর পর। তাহলে এই গ্রন্থগুলো তৈরি হলো কীভাবে? আসলে এগুলো লিখেছিলেন কারা?

মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি, ঈসা (আ.) একটি খাঁটি ঐশী বার্তা নিয়ে এসেছিলেন। কিন্তু যখন আপনি ঐতিহাসিক প্রমাণগুলোর দিকে তাকান, অজ্ঞাতনামা পাণ্ডুলিপি, কয়েক দশকের ব্যবধান, এবং পাঠ্যের হাজার হাজার ভেরিয়েশানস , তখন স্পষ্ট হয়ে ওঠে—মানুষের হাতেই মূল বর্ণনাটি পরিবর্তিত হয়েছে। তাই আমাদের লক্ষ্য খুবই সরল। ঈসা (আ.) মানবজাতির কাছে যে মূল বার্তা নিয়ে এসেছিলেন, সেটিই খুঁজে বের করা। প্রথম পর্বে আমরা চার্চের মূল বিশ্বাসগুলো নিয়ে আলোচনা করেছি। ট্রিনিটি, ঈশ্বরের মানব রূপ ধারণ এবং ক্রুশ। আর আজ আমরা তুলে ধরব সেই সত্য, গসপেলগুলো আসলে কীভাবে লেখা হয়েছিল। আমি যদি দিনের পর দিন আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলি, আর মাত্র এক বছর পর আপনাকে আমার কথাগুলো হুবহু বলতে বলি, তাহলে কাজটি কি প্রায় অসম্ভব হয়ে পড়বে না?

এবার কল্পনা করুন, আমি যদি আপনাকে বলি সেসব কথোপকথন নির্ভুলভাবে লিখে রাখতে, তাও ৪০, ৫০ বা ৬০ বছর পর। গসপেলগুলোর ক্ষেত্রে আমরা ঠিক এই বিশাল সমস্যারই মুখোমুখি হই। বেশিরভাগ বাইবেল-বিশারদের মতে, সবচেয়ে প্রাচীন গসপেলটি, Mark-এর গসপেল, ঈসা (আ.)-এর প্রায় ৪০ বছর পর লেখা হয়। Matthew ও Luke লেখা হয় অন্তত ৫০ বছর পর, আর John-এর গসপেল লেখা হয়, প্রায় ৬০ থেকে ৭০ বছর পর। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। কোনো গসপেল যদি ঈসা (আ.)-এর ৪০ বছর পর লেখা হয়ে থাকে— এর মানে এই নয় যে আজ আমাদের হাতে সেই মূল লেখাটিই রয়েছে। আমাদের হাতে থাকা সবচেয়ে প্রাচীন বাস্তব পাণ্ডুলিপিটি খুঁজতে গেলে, চিত্রটি একেবারেই ভিন্ন হয়ে যায়। যে কোনো গসপেলের সবচেয়ে প্রাচীন টিকে থাকা খণ্ডটি হলো P52, John-এর গসপেলের একটি ক্ষুদ্র অংশ, যার সময়কাল আনুমানিক ১২৫ থেকে ১৭৫ খ্রিষ্টাব্দ, অর্থাৎ ঈসা (আ.) এই পৃথিবী ছেড়ে যাওয়ার প্রায় এক শতাব্দী বা তারও বেশি সময় পরের। তবু এই খণ্ডে John-এর গসপেলের ০.১ শতাংশও নেই। মাত্র কয়েকটি ভাঙা-ভাঙা লাইন। আসলে দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর আমাদের হাতে থাকা প্যাপিরাসগুলোর ৯০ শতাংশই ক্ষুদ্র খণ্ড, ক্রেডিট কার্ডের চেয়ে খুব একটা বড় নয়, যেখানে কেবল কয়েকটি আয়াত বা বাক্যাংশ রয়েছে। যদিও P45-কে প্রায়ই গুরুত্ব দিয়ে দেখানো হয় কারণ এতে চারটি গসপেলই ছিল, এটি আনুমানিক ২৫০ খ্রিষ্টাব্দের; অথচ এর মূল ১১২টি পাতার মধ্যে মাত্র ৩০টি আজ টিকে আছে। ঈসা (আ.)-এর পর প্রায় তিন শতাব্দী অপেক্ষা করতে হয়েছে চারটি গসপেলের প্রথম পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি খুঁজে বের করার জন্য, কোডেক্স সিনাইটিকাস এবং কোডেক্স ভ্যাটিকানাস, যেগুলোর সময়কাল সাধারণত আনুমানিক ৩২৫ ও ৩৫০ খ্রিষ্টাব্দ ধরা হয়। আর বিদ্রূপাত্মক বিষয় হলো, যখন এই পূর্ণাঙ্গ পাণ্ডুলিপিগুলো অবশেষে সংকলিত হলো, ততদিনে আমাদের প্রথম পর্বে উল্লেখ করা গুরুত্বপূর্ণ নাইসিয়ার কাউন্সিল ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। “এই বিরোধ মীমাংসা করতে এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা এখানে সমবেত হয়েছি।” এ পর্যায়ে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি প্রাথমিক যুগের চার্চ ফাদারদের লেখার মাধ্যমে এই গ্রন্থগুলোর সূত্র অনুসরণ করা যায়?

প্রথম ১৫০ বছরে, প্রাথমিক খ্রিস্টান ব্যক্তিত্বদের লেখা যেমন ক্লেমেন্ট, ইগনেশিয়াস, পলিকার্প এবং জাস্টিন মার্টার, এমনকি ডিডাখে-এর মতো প্রাচীন লেখাগুলোতেও গসপেল থেকে খুব অল্প উদ্ধৃতি পাওয়া যায়। সবগুলো একত্র করলেও আধুনিক গসপেলের পাঠের কেবল মাত্র ১০ শতাংশের মতো অংশ মেলে । আগে এমন একটি দাবিও প্রচলিত ছিল যে শুধু প্রাথমিক চার্চ ফাদারদের লেখা থেকেই প্রায় পুরো নিউ টেস্টামেন্ট পুনর্গঠন করা সম্ভব। কিন্তু পরে খ্রিস্টান গবেষকরাই এই দাবিটি খণ্ডন করেন এবং দেখান যে এটি সঠিক নয়। “আপনি ঠিকই বলেছেন, চারটি গসপেলই অজ্ঞাতনামা।” “উদাহরণ হিসেবে Matthew-এর গসপেলটিই ধরুন, নিউ টেস্টামেন্টের প্রথম গসপেল, প্রথম বই। সেখানে কোথাও লেখা নেই, এটি কার লেখা।” “আমি যেসব খ্রিস্টানের সঙ্গে কথা বলি, তারা এ বিষয়ে আমার সঙ্গে একমত হন না। তখন আমি বলি, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। যে কোনো গসপেল থেকে আমাকে এমন একটি অংশ দেখান যেখানে লেখকের নাম স্পষ্টভাবে লেখা আছে। তারা বলে, ‘আছে, আছে।’ ‘John-এর গসপেলেই তো আছে।’ ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই নিন আপনার বাইবেল। দেখান তো কোথায় লেখা আছে। তাই আমি অপেক্ষা করি। সাধারণত দুই মিনিট সময় দিই, কারণ আমার জীবনেতো আরও অনেক কাজ আছে। আর আমি আগেই জানি কী হতে যাচ্ছে, কারণ এটা যেন দাবার খেলা, শেষ পর্যন্ত তারা ফিরে এসে বলবে…

তারপর বিষয় পাল্টে ফেলবে। স্রেফ সাবজেক্টটা বদলে দেবে, কারণ John-এর কোথাও লেখকের নাম উল্লেখ করা হয়েছে' এমন কোনো অংশ নেই। সেটা আসলেই সেখানে নেই। তবু তারা বিশ্বাস করে আছে, কারণ তাদের এভাবেই শেখানো হয়েছে।” নিউ টেস্টামেন্টের প্রতিটি গসপেলের শুরুতে আমরা এমন শিরোনাম দেখি যেমন “ম্যাথিউ অনুসারে গসপেল” বা “মার্ক অনুসারে গসপেল।” কখনো ভেবে দেখেছেন, সেখানে “অনুসারে” কথাটি কেন লেখা?

বাস্তবতা হলো, পরে যিনি বা যারা এই শিরোনামগুলো যোগ করেছেন, তারা চেয়েছিলেন এই লেখাগুলোকে সেই বিখ্যাত নামগুলোর সঙ্গে যুক্ত করতে। যদি সত্যিই ওই ব্যক্তিরাই মূল লেখক হতেন, তাহলে পাণ্ডুলিপিতে “ম্যাথিউ অনুসারে” লেখা থাকত না। সরাসরি লেখা থাকত, “ম্যাথিউ লিখিত গসপেল।” আর যদি তাঁরা সত্যিই ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী হতেন, তাহলে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার জন্য নিশ্চয়ই নিজেদের নাম লেখায় উল্লেখ করতেন। কিন্তু তাঁরা তা করেননি। কারণ তাঁরা কখনোই নিজেদের সেই ব্যক্তি বলে দাবি করেননি, যাদের আমরা আজ তাঁদের মনে করি। Mark ও Luke-এর ক্ষেত্রে বিষয়টি বোধগম্য, কারণ তাঁরা কোনো প্রেরিত বা প্রত্যক্ষদর্শীই ছিলেন না। কিন্তু Matthew ও John-এর ব্যাপারে কী বলবেন, যাঁদের ঈসা (আ.)-এর মূল প্রেরিতদের একজন বলে মনে করা হয়?

উদাহরণ হিসেবে ম্যাথিউ ৯.৯ দেখুন। সেখানে বলা হয়েছে, ঈসা (আ.) সেই পথ দিয়ে থেকে যাওয়ার পথে, কর আদায়ের স্থানে বসে থাকা Matthew নামের এক ব্যক্তিকে দেখলেন। তিনি বললেন, “আমার অনুসরণ করো।” Matthew উঠে তাঁর অনুসরণ করলেন। ভাষাটি কতটা অদ্ভুত, একবার ভেবে দেখুন। আপনি যদি নিজের জীবনের সেই দিনের গল্প লিখতেন, যেদিন আপনার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, তাহলে আপনি কি লিখতেন, “ঈসা Matthew নামের এক ব্যক্তিকে দেখলেন এবং তাঁকে অনুসরণ করতে বললেন”?

না। আপনি স্বাভাবিকভাবেই বলতেন, “ঈসা আমাকে দেখলেন, আমাকে তাঁর অনুসরণ করতে বললেন, আর আমি উঠে তাঁর অনুসরণ করলাম।” এ ছাড়াও আধুনিক বাইবেল-বিশারদরা আরেকটি বিস্ময়কর বিষয়ে একমত। Matthew-এর গসপেলের লেখক Mark-এর গসপেলকে প্রধান উৎস হিসেবে ব্যবহার করেছেন এবং তার পুরো লেখার ৯০ শতাংশেরও বেশি অনুসরণ করেছেন। এখানের গভীর অসঙ্গতিটা একবার ভাবুন। ম্যাথিউকে তো যিশুর একজন প্রকৃত প্রেরিত শিষ্য বলে মনে করা হয়। যিনি ঈসা (আ.)-এর সঙ্গে চলেছেন—একজন প্রত্যক্ষদর্শী; অথচ Mark তা ছিলেন না। তাহলে একজন প্রেরিত কেন এমন কারও বর্ণনা, কাঠামো এবং হুবহু শব্দগুলো অনুসরণ করবেন, যিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না? নিজের জীবন মনে রাখতে Matthew-এর কেন অন্য কারও লেখা দেখতে হবে?

লেখক সত্যিই একজন প্রেরিত হলে, ঘটনার ৪০ বছর পর লেখা অন্য একটা হাতের একটি বিবরণ তাকে নকল করতে হতোনা । তাহলে Mark আসলে কে ছিলেন? প্রাথমিক যুগের খ্রিস্টান নেতা St.

Irenaeus Mark সম্পর্কে লিখেছিলেন, “Mark ছিলেন প্রেরিত Peter-এর ছাত্র ও ভাষ্যকার, এবং Peter ও Paul-এর মৃত্যুর পর তিনি তাঁর শিক্ষকের উপদেশগুলো লিখে রাখেন।” এর অর্থটা কী দাঁড়ায়, একটু ভাবুন। যেহেতু প্রেরিত Peter তখন আর জীবিত ছিলেন না, তাই Mark-এর লেখায় ভুল, সংযোজন বা বাদ পড়া অংশ আছে কি না— তিনি তা যাচাই করতে পারেননি। তাহলে ধারাবাহিকতাটি দাঁড়ায় এমন— Matthew-এর গসপেল Mark-কে অনুসরণ করে। Mark নিজের স্মৃতি থেকে Peter-এর কথা লিখে রাখেন, আর Peter তখন মৃত। অর্থাৎ আপনার হাতে থাকে এক অনিরীক্ষিত স্মৃতির আরেকটি অনুলিপির অনুলিপি। “আমার পড়াশোনার মূল বিষয় হওয়ার কথা ছিল পাঠসমালোচনা, অর্থাৎ বাইবেলের আমাদের হাতে থাকা সবচেয়ে পুরোনো দলিলগুলো নিয়ে গবেষণা। তাই বাইবেল গভীরভাবে পড়তে গিয়ে আমি বুঝতে পারলাম, এমনকি একাডেমিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি নিখুঁত গ্রন্থ নয়। আমি তখন Bob Jones University-এর একজন অধ্যাপককে ঠিক এ কথাই বলেছিলাম। সে সময় তিনি সেখানকার একজন অধ্যাপক ছিলেন। আমি তাঁর সঙ্গে এই বিষিয় নিয়ে কথা বলি এবং একটি প্রশ্ন করি। এটি ছিল একেবারেই যৌক্তিক একটি প্রশ্ন। আমি জিজ্ঞেস করলাম, “ঈশ্বর কি নিখুঁত?” তিনি বললেন, “হ্যাঁ।” আমি বললাম, “ঠিক আছে।” ঈশ্বর যদি নিখুঁত হন, তাহলে স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে যা কিছু আসে, সেটিও প্রকৃতিগতভাবে নিখুঁত হওয়ার কথা—রাইট?

তিনি বললেন, “হ্যাঁ।” আমি বললাম, “বাইবেল কি নিখুঁত?” তিনি বললেন, “না।” ঈশ্বর যদি নিখুঁত হন এবং তাঁর যদি একটি গ্রন্থ থাকে, তাহলে সেই গ্রন্থটিও তো নিখুঁত হওয়ার কথা।” এরপর আসে John-এর গসপেল। একমাত্র গসপেল, যার নিজস্ব লেখার ভেতরেই দাবি করা হয় এটি ঈসা (আ.)-এর একজন শিষ্য লিখেছেন। কিন্তু আপনি যদি সত্যিই বইটি খুলে এর শেষ অংশটি দেখেন, একটি উল্লেখযোগ্য বিষয় চোখে পড়ে। সেই শিষ্যের কথা উল্লেখ করা আছে, যাঁকে সাধারণভাবে প্রেরিত John মনে করা হয়, লেখায় বলা হয়েছে, “এই সেই শিষ্য, যিনি এসব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন এবং এগুলো লিখে রেখেছেন। আমরা জানি, তাঁর সাক্ষ্য সত্য।” শেষ বাক্যটি ভালো করে পড়ুন। “আমরা জানি, তাঁর সাক্ষ্য সত্য।” একটু দাঁড়ান। এই রহস্যময় “আমরা” কারা?

যদি প্রেরিত John নিজেই কলম ধরতেন, তাহলে তিনি কেন বললেন না, “আমি সেই শিষ্য, এবং তোমরা জেনে রেখ আমার সাক্ষ্য সত্য”? তাহলে যদি John না হন, আসলে কে এটি লিখেছেন? আমরা জানি না। আর লেখক কে সেটাই যদি না জানি, তাহলে এই সাক্ষ্যে বিশ্বাস করব কীভাবে? John-এর অন্যান্য অংশেও আমরা একই ধরনের তৃতীয় কোন ব্যাক্তির বর্ণনার ধারা দেখতে পাই। John-এর পুরো গসপেলজুড়ে, এই ব্যক্তিকে বারবার বলা হয়েছে— “যে শিষ্যকে ঈসা ভালোবাসতেন।” জন ১৩:২৩ এ দেখুন। “তাঁদের একজন, যে শিষ্যকে ঈসা ভালোবাসতেন, তিনি তাঁর পাশে হেলান দিয়ে বসেছিলেন।” লেখক যদি John নিজেই হতেন, তাহলে কি তিনি শুধু বলতেন না— “আমি তাঁর পাশে হেলান দিয়ে বসেছিলাম”?

এই তৃতীয় কোন ব্যাক্তির বর্ণনার ধরন ছাড়াও, আরেকটি বড় পার্থক্য রয়েছে, যা John-এর গসপেলকে বাকি তিনটি থেকে পুরোপুরি আলাদা করে। “আর সবচেয়ে কম ঐতিহাসিক গসপেলটি হলো John-এর গসপেল।” “গসপেলগুলোর মধ্যে কেবল এক জায়গাতেই ঈসাকে এমনভাবে বলতে দেখা যায়, ‘আমি জগতের আলো,’ অথবা ‘আব্রাহামের আগে থেকেই আমি আছি,’ অথবা ‘আমি পুনরুত্থান ও জীবন,’ অথবা আবার, ‘আমি জগতের আলো।’ এই সব ‘আমি’ দিয়ে শুরু হওয়া বক্তব্য শুধু একটি গসপেলেই পাওয়া যায়—শেষের John-এর গসপেলে। প্রথমদিকের গসপেলগুলো দেখলে, ঈসাকে কখনো এভাবে কথা বলতে দেখা যায় না।” প্রথম তিনটি গসপেল, যেগুলো সিনপটিক গসপেল নামেও পরিচিত, ঈসা (আ.)-এর মানবিক দিককে বেশি গুরুত্ব দেয়, তাঁকে একজন নবী হিসেবে উপস্থাপন করে, যিনি সাধারণ মানুষ ও গ্রামবাসীর কাছে উপমা ও ছোট নৈতিক গল্পের মাধ্যমে শিক্ষা দিতেন। কিন্তু John-এর গসপেল শৈলী ও বিষয়বস্তু—দুই দিক থেকেই একেবারে ভিন্ন। এখানে ঈসা (আ.)-কে অনেকটা একজন গ্রিক দার্শনিকের মতো দেখানো হয়েছে, যিনি দীর্ঘ আর জটিল বক্তৃতার মাধ্যমে শিক্ষা দিতেন। এটি যদি আলাদাভাবে পড়া হতো, তাহলে কেউই বুঝতে পারত না যে উপমা ছিল ঈসা (আ.)-এর প্রধান শিক্ষণ-পদ্ধতিগুলোর একটি। কারণ John-এর গসপেলে প্রচলিত ধরনের একটি উপমাও নেই। তার বদলে এসব সহজ গল্পের জায়গায় এসেছে জটিল রূপক ও প্রতীকী বর্ণনা। এই লেখায় ঈসা (আ.)-কে নিয়ে বহু ধর্মতাত্ত্বিক ও দার্শনিক ধারণা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্য গসপেলগুলো যেখানে ঈসা (আ.)-এর মানবিক দিক তুলে ধরে, John-এর গসপেলের লক্ষ্য হলো তাঁকে ঐশ্বরিক সত্তা হিসেবে উপস্থাপন করা। “John-এর গসপেলে বিষয়টি কিছুটা আরও জটিল হয়ে যায়। সেখানে ঈসাকে কিছুটা ঐশ্বরিক সত্তার মতো উপস্থাপন করা হয়েছে। গসপেলের শুরুতেই বলা হয়, ‘আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, এবং বাক্যই ছিল ঈশ্বর; পরে সেই বাক্য দেহধারণ করে আমাদের মাঝে বাস করল,’ ইত্যাদি। এখন, এসব বক্তব্য অনেক পরের সময়ের। আর যদি ঈসা সত্যিই ঘুরে ঘুরে John-এর বর্ণনার মতো এমন অসাধারণ কথা বলে থাকেন, তাহলে অন্য কেউ সেগুলো উল্লেখ করেনি কেন?

উদাহরণ হিসেবে আমাদের কাছে আরও পুরোনো একটি গসপেল আছে, Luke-এর গসপেল। Luke-এর পুরো গসপেলে ঈসা কখনো এভাবে কথা বলেন না। তিনি নিজের সম্পর্কে এত বেশি কথাও বলেন না।” এই সব কারণেই অনেক গবেষক সিদ্ধান্তে পৌঁছেছেন যে John-এর গসপেলের লেখক সম্ভবত গ্রিক সংস্কৃতিতে বেড়ে ওঠা উচ্চশিক্ষিত একজন ইহুদি ছিলেন, প্রেরিত John-এর মতো সাধারণ কোনো জেলে নন। আসলে দ্বিতীয় শতাব্দীতেই কিছু খ্রিস্টান যুক্তি দেখিয়েছিলেন এই গসপেল John লেখেননি; পরে তাঁরা Alogi নামে পরিচিত হন। “এই গসপেল John-এর লেখা হতে পারে না।” “তাহলে কে লিখেছেন?

আমি জানি না।” তবুও পরে এটি স্বীকৃত ধর্মগ্রন্থের অংশ হিসেবে গৃহীত হয়। “তাহলে খারাপ খবর হলো, খ্রিস্টানরা প্রচারের ক্ষেত্রে অন্য যেকোনো গসপেলের চেয়ে John-এর গসপেলই বেশি ব্যবহার করেন। উদাহরণ হিসেবে একজন আমেরিকান ধর্মপ্রচারককে ধরুন, যাকে কয়েক বছর আগে আমি লন্ডনে দেখেছিলাম। তিনি বলতেন, ‘ঈসা বলেছেন, আমি জগতের আলো।’ কিন্তু তাঁর নিজের গবেষকরাই বলবেন, ‘না, তিনি সম্ভবত এটা বলেননি।’ ঐতিহাসিকভাবে এটি নির্ভরযোগ্য নয়। আর এটাই উদ্বেগের বিষয়। সাধারণ খ্রিস্টানরা প্রায়ই জানেনই না তাঁদের নিজেদের গবেষকেরা এসব নিয়ে কী বলছেন। এটা উদ্বেগজনক, কারণ যদি এর মধ্যে বানানো গল্প থাকে, তাহলে এগুলোর ওপর এখন আপনি কীভাবে আস্থা রাখবেন? গসপেলগুলোর মধ্যে বানানো গল্পও রয়েছে।” তাহলে গবেষকেরা এমন কথা বলেন কেন?

উত্তরটা খুবই সহজ। কারণ ঈসা (আ.)-এর পাশে এমন কোনো লেখক ছিলেন না, যিনি তাঁর উপদেশ শব্দে শব্দে লিখে রাখতেন। বর্ণনাগুলোর নির্ভুলতা যাচাই করার জন্য কোনো আনুষ্ঠানিক ব্যবস্থাও ছিল না। সত্যতা নিশ্চিত করতে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নও করা হয়নি, যেমন— বর্ণনাকারীদের স্মৃতি কতটা নির্ভরযোগ্য ছিল? তাঁরা কি বিশ্বাসযোগ্য মানুষ ছিলেন? তাঁরা কি কোনো বিষয় ভুলভাবে বর্ণনা করে থাকতে পারেন?

এর বদলে কয়েক দশক ধরে এসব বিষয়ে ছিল প্রায় সম্পূর্ণ নীরবতা। নিউ টেস্টামেন্টের ২৭টি বইই পরিচিত ব্যক্তিদের নামে উৎসর্গিত। কিন্তু গবেষকদের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত যে এর মধ্যে মাত্র সাতটি সত্যিই সেই নামধারী ব্যক্তির লেখা। আর সেগুলো হলো Paul-এর সাতটি চিঠি। Paul আসলে কে ছিলেন—তা নিয়ে প্রথম পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। “বাইবেলে এমন লেখকও আছেন, যাঁদের পরিচয় আজও অজানা। আর আমি যখন বাইবেলের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নিয়ে জানার চেষ্টা করছিলাম, যাতে অন্যদের এর কর্তৃত্ব সম্পর্কে বোঝাতে পারি, তখনই আমার মনে উদ্বেগ তৈরি হতে শুরু করে। আমি এমন বিষয় জানতে শুরু করলাম, যেগুলো আগে জানতাম না। নিশ্চয়তা থেকে শুরু করে, যত বেশি জানলাম ততই সন্দেহপ্রবণ হয়ে উঠলাম। এই প্রক্রিয়া চলতেই থাকল, একসময় এমন জায়গায় পৌঁছালাম, যেখানে হতাশ হয়ে ভাবলাম—বিষয়গুলো তো ভালো হচ্ছে না।” এখন বিষয়টি আরও জটিল হয়ে যায়। ঈসা (আ.) আরামাইক ভাষায় কথা বলতেন। অর্থাৎ তাঁর বার্তাও তিনি নিশ্চয়ই এই ভাষাতেই দিয়েছিলেন। কিন্তু আজ আমাদের হাতে থাকা সব গসপেল মূলত কোইনে গ্রিকে লেখা, এমনকি হিব্রুতেও নয়, যা ইহুদি ধর্মগ্রন্থের ঐতিহ্যবাহী ভাষা। এর অর্থ হলো, হাতে গোনা কিছু বিচ্ছিন্ন শব্দ ছাড়া, ঈসা (আ.) যে ভাষায় কথা বলতেন, সেই ভাষায় তাঁর একটি পূর্ণাঙ্গ বক্তব্যও আমাদের কাছে সংরক্ষিত নেই। এই সব অংশ একসঙ্গে বিবেচনা করলে, আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কীভাবে প্রথম পর্বে আলোচনা করা অযৌক্তিক মতবাদগুলো ঈসা (আ.)-এর প্রকৃত শিক্ষার সঙ্গে মিশে গেছে। তাঁর মতো একজন সম্মানিত নবী যুক্তির সম্পূর্ণ বিরোধী এমন কিছু প্রচার করতেন না। আর এসব আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। অযাচাইকৃত স্মৃতির ধারার ওপর ভিত্তি করে গঠিত কোনো লেখা, যা ঈসা (আ.)-এর কয়েক দশক পর ভিন্ন ভাষায় লেখা হয়েছে, সেটিই কি সত্যিই এমন কিছু, যার ওপর আপনি আপনার পরকালের ভবিষ্যৎ নির্ভর করবেন?

এসব নিশ্চয়ই অবিশ্বস্ত মনে হয়েছিল— শুধু আজ আমাদের কাছেই নয়, বরং তাঁদের কাছেও, যারা এই লেখাগুলোকে পবিত্র কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তাঁদের একটি ব্যাখ্যামূলক বর্ণনা দাঁড় করাতে হয়েছিল। “আমাদের এমন একটি বর্ণনা দরকার, যা এই লেখাগুলোকে ঐশী কর্তৃত্ব দেবে।” তাঁরা বললেন, এই গ্রন্থগুলো ঐশী অনুপ্রেরণায় লেখা হয়েছে। কিন্তু এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। আর আরও গুরুত্বপূর্ণ হলো—মূল লেখকেরা নিজেদের সম্পর্কে কখনো এমন দাবি করেননি। এই চারটি গসপেল পাশাপাশি রেখে দেখুন। মনে রাখবেন, এগুলোর প্রত্যেকটিরই ঈসা (আ.)-এর একই গল্প বলার কথা। তারপরও দেখবেন, এগুলো বারবার একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়, ঘটনার ক্রম বদলে দেয়, তথ্য পরিবর্তন করে, এবং একই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বিবরণ দেয়। উদাহরণ হিসেবে ঈসা (আ.)-এর শেষ মুহূর্তগুলোর কথাই ধরুন। Mark-এ ঈসাকে হতাশায় চিৎকার করতে দেখা যায়— “হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করেছ?” কিন্তু Luke সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে, সেখানে ঈসাকে শান্ত সমর্পণের ভঙ্গিতে বলতে দেখা যায়, “পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি।” আসলে এই পরস্পরবিরোধী বর্ণনাগুলো আমাদের খুব একটা অবাক করা উচিত নয়। কারণ যাঁরা এসব কথা বর্ণনা করেছেন, তাঁদের কেউই কথিত ক্রুশবিদ্ধকরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চলুন আরও দেখি। Mark বলছে, ঈসা (আ.)-কে তৃতীয় ঘণ্টায় ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিন্তু John-এর দাবি, ষষ্ঠ ঘণ্টাতেও তিনি রোমান গভর্নর Pilate-এর সামনে বিচারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এবার শেষ নৈশভোজের দিকে তাকান। প্রথম তিনটি গসপেল বলে, এটি ছিল পাসওভারের খাবার। কিন্তু John বলছে, পাসওভার শুরু হওয়ার আগেই ঈসা (আ.) মারা গিয়েছিলেন। এমনকি Judas-এর পরিণতিতেও অসঙ্গতি রয়েছে। Matthew-এর দাবি, অপরাধবোধে Judas গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু নিউ টেস্টামেন্টের Acts বইতে বলা হয়েছে, একটি মাঠে মাথা নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। Matthew বলছে, রোমান সেনাবাহিনীর এক কর্মকর্তা সরাসরি ঈসা (আ.)-এর কাছে সাহায্য চাইতে এসেছিলেন। কিন্তু Luke বলছে, কর্মকর্তা নিজে আসেননি, বরং কয়েকজন দূত পাঠিয়েছিলেন। এমনকি সবচেয়ে সাধারণ নির্দেশনাতেও অসঙ্গতি রয়েছে। শিষ্যদের পাঠানোর সময়, Mark বলছে, ঈসা (আ.) স্পষ্টভাবে তাঁদের লাঠি নিতে এবং স্যান্ডেল পরতে বলেছিলেন। কিন্তু Matthew-এর দাবি, ঈসা (আ.) তাঁদের লাঠি না নিতে এবং স্যান্ডেলও না পরতে নির্দেশ দিয়েছিলেন। যদি এই লেখকেরা সত্যিই ঈশ্বরপ্রেরিত অনুপ্রেরণায় লিখতেন, তাহলে সামান্যতম অসঙ্গতিরও কোনো সুযোগ থাকত না। আসলে গবেষকেরা খুঁজে পেয়েছেন ওল্ড ও নিউ টেস্টামেন্ট মিলিয়ে ৩০০টিরও বেশি পরস্পরবিরোধী বক্তব্য। আজ আমরা এর খুবই সামান্য একটি অংশ নিয়ে আলোচনা করেছি। যাঁরা আরও উদাহরণ দেখতে চান, এই পর্বের পরের অংশে আমরা একটি উৎস শেয়ার করব। “আমি বাইবেল পড়ছিলাম। প্রথম যে আয়াতটি পড়ি, সেখানে বলা ছিল— ‘কোনো মানুষ ঈশ্বরকে দেখে বেঁচে থাকতে পারে না।’ তখন আমি ভাবলাম, কিন্তু মানুষ তো ঈসাকে ঈশ্বর বলে এবং সবাই তাঁকে দেখেছে, তবু তাঁকে দেখে কেউ মারা যায়নি। আয়াতে তো বলা হচ্ছে, কেউ ঈশ্বরকে দেখে বেঁচে থাকতে পারে না। এরপর পৃষ্ঠা উল্টিয়ে Jacob-এর আরেকটি গল্পে গেলাম। সেখানে Jacob শুধু ঈশ্বরকে দেখেনই না, তিনি ঈশ্বরের সঙ্গে কুস্তিও করেন এবং বলেন, ‘তুমি আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না।’ আমি ভাবলাম, একটু দাঁড়ান। আপনি তো একটু আগেই বললেন, ঈশ্বরকে দেখলেই কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে Jacob কীভাবে বেঁচে রইলেন?

আমি কী করলাম জানেন? ১৪ বছরের আমি হাত তুললাম। পাদ্রি কাছে এসে বললেন, “আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি?” আমি তাঁকে ওই দুইটি আয়াত দেখালাম। তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘হুম… আমি তো জানতামই না এটা বাইবেলে আছে।’ আমি বললাম, ‘মানে…

কী?’ “কিন্তু আপনি তো বাইবেলের পাদ্রি!” এই অসঙ্গতিগুলো শুধু সময়রেখাতেই সীমাবদ্ধ নয়, ঐতিহাসিক বিবরণ বা স্পষ্ট যৌক্তিক দ্বন্দ্বেও নয়। এগুলো পৌঁছে যায় ঐশী ন্যায়বিচারের একেবারে কেন্দ্রে। ওল্ড টেস্টামেন্টে ঈশ্বরকে কীভাবে বর্ণনা করা হয়েছে দেখুন— Exodus 34:7-এ বলা হয়েছে, “তবু তিনি অপরাধীকে শাস্তি ছাড়া ছেড়ে দেন না। তিনি সন্তানদের এবং তাদের সন্তানদেরও শাস্তি দেন পিতা-মাতার পাপের জন্য, তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত।” কিন্তু Ezekiel 18:20-এ গেলে সম্পূর্ণ বিপরীত একটি বিধান দেখা যায়। “সন্তান পিতা-মাতার অপরাধ বহন করবে না, আর পিতা-মাতাও সন্তানের অপরাধ বহন করবে না। সৎ ব্যক্তির সৎকর্ম তার নিজের হিসাবেই গণ্য হবে, আর অসৎ ব্যক্তির অসৎকর্মের দায়ও তার নিজের ওপরই পড়বে।” তাহলে কোনটি ঈশ্বরের প্রকৃত বিধান?

দুটো একসঙ্গে সত্য হতে পারে না। আর আধুনিক খ্রিস্টধর্ম অনেকাংশেই আদি পাপের ধারণার ওপর দাঁড়িয়ে, অর্থাৎ নবী Adam-এর ভুলের কারণে প্রত্যেক শিশু জন্ম থেকেই দোষী—এমন বিশ্বাস। এই কেন্দ্রীয় মতবাদকে Ezekiel-এর স্পষ্ট বক্তব্যের সঙ্গে কীভাবে মিলিয়ে নেওয়া যায়? “আমরা জন্মের সময়ই পাপ নিয়ে পৃথিবীতে আসব কেন?

আমরা তো শুধু জন্মেছি, আর কিছুই করিনি।” “ইসলাম যা বলে তা হলো— ইসলামে আদি পাপের ধারণা নেই, বরং ইসলাম জন্মগত পবিত্রতার কথা বলে; প্রতিটি শিশু, প্রতিটি নবজাতক, প্রতিটি মানুষ জন্মায় নির্মল হৃদয় নিয়ে, একেবারে নতুন ও নিষ্পাপ অবস্থায়, কোনো কলঙ্ক ছাড়াই, যতক্ষণ না সে বয়ঃসন্ধিতে পৌঁছায়। এরপর আপনি ভালো কাজ করলে তার পুরস্কার পাবেন। আর ভুল কাজ করলে তার পরিণতি থাকবে। ইসলামি ধারণা অনুযায়ী, Adam ও Hawwa-এর ক্ষেত্রে, যখন তাঁরা ভুল করেছিলেন, তাঁরা দুজনই আল্লাহর কাছে তওবা করে বলেছিলেন, ‘হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন,’ এবং আল্লাহ তাঁদের ক্ষমা করেন। গল্প এখানেই শেষ। আর প্রতিটি শিশু জন্মায় জন্মগত পবিত্রতা নিয়ে। এই উত্তর আমি বহুবার দিয়েছি, প্রায় প্রতিবারই, মসজিদের পরিচিতিমূলক উন্মুক্ত অনুষ্ঠানগুলোতে, যখন খ্রিস্টানরা এই প্রশ্নটি করেন, তখন প্রায় প্রতিবারই তাঁরা বলেন, ‘Sabeel, আপনি ইসলামের মুক্তির ধারণা সম্পর্কে যা বললেন, এটি যৌক্তিক, এটি অর্থবহ।’” Genesis বই এবং Noah-এর নৌকার গল্পটি দেখুন। Genesis 6:19-এ নির্দেশটি পরিষ্কার। “Noah-কে বলা হয় প্রতিটি জীবন্ত প্রাণীর এক জোড়া করে নৌকায় নিতে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। কিন্তু ঠিক পরের অধ্যায়েই, Genesis 7-এর ২ ও ৩ নম্বর আয়াতে নির্দেশনা উল্লেখযোগ্যভাবে বদলে যায়।” হঠাৎ Noah-কে নির্দেশ দেওয়া হয় প্রতিটি ‘পবিত্র’ প্রাণীর সাত জোড়া নিতে, প্রতিটি ‘অপবিত্র’ প্রাণীর এক জোড়া, এবং প্রতিটি পাখিরও সাত জোড়া। আমরা এমন দুইটি ভিন্ন বই তুলনা করছি না, যেগুলো শতাব্দীর ব্যবধানে ভিন্ন লেখকের লেখা। এই অসঙ্গতিগুলো একই বইয়ের ভেতরেই ঘটছে, মাত্র একটি অধ্যায়ের ব্যবধানে। গসপেল এবং বাইবেলের অন্যান্য অংশে এ ধরনের অসংখ্য অসঙ্গতি সহজেই খুঁজে পাওয়া যায়। তবে এই উদাহরণগুলোই বিষয়টি পরিষ্কার করার জন্য যথেষ্ট। যাঁরা আরও দেখতে চান, তাঁরা পড়তে পারেন রহমতুল্লাহ কাইরানভি আল-হিন্দির বিখ্যাত গ্রন্থ ‘ইযহার আল-হক’। তাঁর বইতে তিনি ৩৩৫টি অসঙ্গতি ও ভুল নথিভুক্ত করেছেন, যা আজ আমরা যতগুলো আলোচনা করেছি, তার ৩৩ গুণেরও বেশি। “এই বাইবেলটি আমি পুরোনো জিনিসের একটি দোকান থেকে কিনেছিলাম। আমার ধারণা, এটি আনুমানিক ১৮২৫ থেকে ১৮৩৬ সালের মধ্যকার। আমি আয়াতগুলো ঘেঁটে দেখছিলাম, আর দেখলাম কিছু আয়াতই বিলুপ্ত। সেগুলো এখন আর সেখানে নেই। আমি খুঁজেছি, কিন্তু সত্যিই সেগুলো নেই।” আগে করা প্রশ্নটি মনে আছে?

প্রাথমিক যুগে আবিষ্কৃত সেই খণ্ডগুলো আজকের আধুনিক বাইবেলের সঙ্গে আসলে কতটা মেলে?

এবার শুনুন বিস্ময়কর উত্তরটি। নিউ টেস্টামেন্টে এর প্রায় ৫,৭০০টি প্রাচীন গ্রিক পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, ক্ষুদ্র প্যাপিরাসের টুকরো থেকে শুরু করে পূর্ণাঙ্গ বই পর্যন্ত। কিন্তু সবগুলোর মধ্যে দুইটি অনুলিপিও সম্পূর্ণ এক নয়। প্রতিটি হাতে লেখা পাঠ পরেরটির থেকে কোনো না কোনোভাবে ভিন্ন, এবং পুরো নিউ টেস্টামেন্ট এ এমন একটি আয়াতও নেই যার সব পাণ্ডুলিপির পাঠ হুবহু একই। আসলে গবেষকদের অনুমান, এই সব পৃষ্ঠাজুড়ে ৪ লক্ষেরও বেশি শব্দের পাঠের অমিল রয়েছে। এক মুহূর্ত ভেবে দেখুন। পুরো গ্রিক নিউ টেস্টামেন্টে শব্দ আছে প্রায় ১,৩৮,০০০টি, অর্থাৎ বইটির অমিলের সংখ্যা লেখাটির মোট শব্দের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এসবের পরও কি এটা একেবারে স্পষ্ট নয়, মূল লেখায় আসলে কী ছিল তা নিশ্চিতভাবে নির্ধারণ করা কতটা কঠিন?

তাহলে ৫,৭০০টি পাণ্ডুলিপি থাকা আসলেই কি ভালো বিষয়, নাকি মূলধারার খ্রিস্টধর্মের জন্য এটি আরও বড় সমস্যা? এই বড় সংখ্যাটি দেখে বিভ্রান্ত হবেন না, কারণ এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে মাত্র ৬০ বা ৭০টি ঈসা (আ.)-এর পরের প্রথম তিন শতাব্দীর। আসলে ৯০ শতাংশেরও বেশি পাণ্ডুলিপি ৮ম থেকে ১৬শ শতাব্দীর মধ্যকার। ঘটনার এক হাজার বছর পর লেখা একটি পাণ্ডুলিপি ঐতিহাসিকভাবে কতটা গুরুত্ব বহন করে?

সিদ্ধান্তটা আপনার ওপরই ছেড়ে দিলাম। গবেষকদের মতে, এই ৪ লক্ষ পাঠভেদের ৯৯ শতাংশই পুরোপুরি নিরীহ। তাঁরা এগুলোকে বানানের পার্থক্য, শব্দের ক্রম বদল, এবং অনুলিপির সময় হওয়া অন্যান্য ছোটখাটো পার্থক্য হিসেবে দেখেন। কিন্তু যে লেখাকে ঈশ্বরপ্রদত্ত বলে দাবি করা হয়, সেখানে কোনো পার্থক্য বা পরিবর্তনকেই তুচ্ছ বলা উচিত নয়। তবু যদি তাঁদের যুক্তি মেনেও নিই, তাহলে অবশিষ্ট ১ শতাংশেই প্রায় ৪,০০০টি গুরুত্বপূর্ণ পাঠগত অমিল থেকে যায়, যেগুলো অর্থ, ব্যাখ্যা এমনকি ধর্মতত্ত্বকেও প্রভাবিত করতে পারে। এটিকে কীভাবে যৌক্তিক বলা যায়? এই গ্রন্থটি যদি সত্যিই আল্লাহর সুরক্ষায় থাকত, তাহলে কি আমাদের কাছে একেবারে অভিন্ন একটি পাঠ থাকত না?

দুঃখজনকভাবে মনে হয়, শতাব্দীর পর শতাব্দী ধরে যাঁরা এসব পাণ্ডুলিপি লিখছিলেন, তাঁরা নিজেদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মানিয়ে নিতে পবিত্র লেখায় পরিবর্তন আনছিলেন। উদাহরণ হিসেবে 1 John 5-এর ৭ ও ৮ নম্বর আয়াতের ট্রিনিটি-সংক্রান্ত অংশটি দেখুন— এটি পরবর্তীকালে যোগ করা হয়েছে বলে ভালোভাবেই নথিভুক্ত। বিখ্যাত King James Version-এ এই সংযোজনটি দেখা যায়। সেখানে বলা হয়েছে, “স্বর্গে সাক্ষ্য দেন তিনজন—পিতা, বাক্য এবং পবিত্র আত্মা।” “আর এই তিনজন এক।” কিন্তু New International Version-এর মতো আধুনিক বাইবেলগুলোতে ট্রিনিটির এই সরাসরি উল্লেখটি সরিয়ে দেওয়া হয়েছে, কারণ গবেষকেরা দেখেছেন, এই অংশটি ছিল না ১৪শ শতাব্দীর আগের কোনো গ্রিক পাণ্ডুলিপিতে। এবার দেখুন, পরবর্তীতে এটি কীভাবে সংশোধন করা হয়েছে। “কারণ সাক্ষ্য দেন তিনজন— আত্মা, পানি এবং রক্ত; আর এই তিনটি একই সাক্ষ্য দেয়।” দেখতেই পাচ্ছেন, একই অংশে এখন আর ট্রিনিটির সেই উল্লেখ নেই। “আরেকটি উদাহরণ হতে পারে চতুর্থ গসপেল John-এ, অধ্যায় ৭, আয়াত ৫৩-এ, একজন ব্যভিচারিণী নারীর কথা বলা হয়েছে, যাকে পাথর মেরে হত্যা করতে মানুষ তার চারপাশে জড়ো হয়েছিল। তখন ঈসা সেখানে এসে বললেন, ‘তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সে-ই প্রথম পাথর ছুড়ুক।’ গল্পটি হয়তো আপনি শুনেছেন। কিন্তু প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে এই গল্পটি নেই। King James Version-এ এটি আছে। RSV সংস্করণে বলা হয়েছে, এই গল্পটি পরে যোগ করা হয়েছে। প্রাচীন পাণ্ডুলিপিতে এটি ছিল না। অর্থাৎ কেউ পরে গল্পটি যোগ করেছে।” আরেকটি উদাহরণ দেখি। Mark 16:9–20-কে সেই গসপেলের সবচেয়ে স্বীকৃত পরবর্তী সংযোজনগুলোর একটি ধরা হয়। আসলে বাইবেলের কিছু সংস্করণে এটি স্পষ্টভাবে চিহ্নিতও করা আছে। নিউ ইন্টারন্যাশনাল ভার্সন -এ বলা হয়েছে, “সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি এবং আরও কিছু প্রাচীন সাক্ষ্যে ৯–২০ নম্বর আয়াত নেই।” Mark-এর মূল গসপেল ৮ নম্বর আয়াতেই শেষ হয়, যেখানে নারীরা ভয়ে খালি সমাধি থেকে পালিয়ে যান। সেখানে পুনরুত্থানের পর কোনো আবির্ভাব নেই এবং ঈসার কোনো শেষ নির্দেশও নেই। এ ছাড়া Mark 1:1-এ “Son of God” কথাটিও সবচেয়ে প্রাচীন কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন, এগুলো গুরুত্বপূর্ণ ধরনের সংযোজন যেগুলো ধর্মীয় ধারণাকে মৌলিকভাবে বদলে দিতে পারে। “আমি বাইবেলের একজন সংগ্রাহক। আমার সংগ্রহে ৩০০টি বাইবেল আছে। হ্যাঁ, একদিন আমার লাইব্রেরিতে আসুন। ইতিহাসের বিভিন্ন সময়ের, বিভিন্ন ভাষার, এবং বিভিন্ন সংস্করণের— প্রতিটি একে অপরের থেকে ভিন্ন। একটি উদাহরণ দিই, ঠিক আছে?

আপনার কাছে কিং জেমস ভার্সন এর বাইবেল আছে, যেটি ১৬১১ সালে প্রকাশিত হয়েছিল, ইংল্যান্ডের King James-এর তত্ত্বাবধানে। পরে ১৮৮১ থেকে ১৮৮৫ সালের মধ্যে সেই বাইবেল সংশোধন করা হয়, কারণ তাতে ভুল ছিল এবং সেটি প্রাচীন পাণ্ডুলিপির ভিত্তিতে অনুলিখিত ছিল না। তাই ১৮৮১ সালে ইংল্যান্ডে সেটি সংশোধন করা হয়। কিন্তু সেখানেও কিছু ভুল ছিল। তাই ১৯০১ সালে আবার সংশোধন করে আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন করা হয়। সেখানেও ভুল ছিল, কারণ নতুন নতুন পাণ্ডুলিপি আবিষ্কৃত হতে শুরু করেছিল। আর নতুন পাণ্ডুলিপিগুলো এই বাইবেলের সঙ্গে মিলছিল না, তাই তাদের বাইবেল বারবার আপডেট করতে হয়েছে। আমি কয়েকটি উদাহরণ দিই, ঠিক আছে?

১৯০১ সালের আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন-এ ভুল ছিল, তাই ১৯৫২ সালে আবার সংশোধন করা হয়। সেখানেও ভুল ছিল, তাই ১৯৭১ সালে আবার সংশোধন করে NASB করা হয়। তাতেও ভুল ছিল, তাই ১৯৮৯ সালে, তারপর ২০২০ এবং ২০২১ সালেও আবার সংশোধন করা হয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন, “আচ্ছা ভাই Sabeel, এখানে আসলে কী হচ্ছে?” বিষয়টা হলো, ঠিক আছে, আপনার কাছে একটি বাইবেল আছে। কিন্তু নতুন পাণ্ডুলিপি আবিষ্কৃত হলে তাদের এই বাইবেল আবার আপডেট করতে হয়, শুধু অনুবাদ নয়, এর বিষয়বস্তুও। তাই তাঁরা নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী যতটা সম্ভব চেষ্টা করেন, কোন অংশটি এখানে থাকবে, কোন অংশটি সেখানে যাবে—এভাবে। এইভাবেই বাইবেলের সংস্করণগুলো তৈরি করা হয়। তাই আমরা মুসলিমরা যখন বলে থাকি, ‘বাইবেল পরিবর্তিত হয়েছে, আর কুরআন সংরক্ষিত রয়েছে,’ তখন এই বক্তব্যের পক্ষে আমাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ আছে।” এখনও আমরা কথা বলছিই না ওল্ড টেস্টামেন্টের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নিয়ে। এটা কি গভীর এক বিদ্রূপ নয় যে আজ আমরা যে তথ্যগুলোর প্রায় সবই তুলে ধরেছি, সেগুলো খ্রিস্টান গবেষকেরাই সামনে এনেছেন?

মানুষ যত গভীরভাবে ইসলাম অধ্যয়ন করে, কুরআন গ্রহণের তত বেশি কারণ খুঁজে পায়। কিন্তু বাইবেল যত গভীরভাবে অধ্যয়ন করে, ফলাফল সেখানেও একই। তখনও তারা কুরআন গ্রহণের আরও কারণ খুঁজে পায়। ধর্মতাত্ত্বিক ও পাঠ-গবেষণার যে পথই আপনি বেছে নিননা কেন, শেষ পর্যন্ত তা একই গন্তব্যে নিয়ে যায়— চূড়ান্ত ওহির দিকে। সম্ভবত এটিও আল্লাহর পরিকল্পনারই একটি অংশ ছিল যে খ্রিস্টান গবেষকেরা বাইবেল নিয়ে এত ব্যাপক গবেষণা করবেন, যাতে মানুষ শেষ পর্যন্ত ঈসা (আ.)-এর আসল বার্তাটি চিনতে পারে, এবং বুঝতে পারে—সেটিই আসলে কুরআনে পাওয়া একই বার্তা। যেসব গবেষক সত্যের সন্ধানে সাহসের সঙ্গে এই গবেষণাগুলো চালিয়ে গেছেন, তাঁরা অবশ্যই প্রশংসার দাবিদার। আর আমি বিশ্বাস করি, তাঁদের আন্তরিক প্রচেষ্টা একদিন তাঁদের সঠিক পথে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। ইসলামে প্রতিটি প্রশ্নেরই উত্তর আছে, যদি আপনি আন্তরিকভাবে সেই উত্তর খুঁজতে প্রস্তুত থাকেন তো। “যিনি আমাদের ক্লাসের অধ্যাপক ছিলেন, একই সঙ্গে একজন ধর্মযাজকও ছিলেন, একটি চার্চের নেতা—তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘তুমি এত প্রশ্ন করছ কেন?’ আমি বললাম, ‘কারণ গ্রিকে যা লেখা হয়েছিল আর আজ আমাদের ইংরেজি বাইবেলে যা আছে— এর মাঝখানে কী ঘটেছে, সেটা আমার জানা দরকার।’ তিনি বললেন, “দেখো, এটি নির্ভুল— অর্থাৎ সম্পূর্ণ নির্ভুল, ঈশ্বরের সত্য ও নির্ভুল বাণী।’ আমি বললাম, ‘কীভাবে তা হয়?’ কারণ আমরা তো এটিকে অনুবাদ করেছি, আর অনুবাদের মধ্যে কিছু হারিয়েও গেছে। তিনি বললেন, ‘ক্লাসের পর আমার অফিসে এসো, তখন কথা বলব।’ তিনি বললেন, ‘ঠিক আছে, আমি প্রস্তুত।’ ক্লাস শেষ হলে আমি তাঁর কাছে গেলাম। তিনি বললেন, ‘তুমি যদি এটা বিশ্বাস না করো, তাহলে তোমার জন্য জাহান্নাম।’ ‘তোমাকে বিশ্বাস করতেই হবে।’ আমি বললাম, ‘দুঃখিত, কিন্তু এভাবে আপনি আমাকে বোঝাতে পারবেন না।’ এর কোনো অর্থ হয় না। এটা যৌক্তিকও নয়। আর ততদিনে আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট পড়েছি এবং কুরআনও পড়েছি, যা পড়েছি, সবই আমার কাছে যৌক্তিক লেগেছে এবং সুন্দরভাবে একটির সঙ্গে আরেকটি মিলে গেছে। কিন্তু তিনি যা বললেন, তা মিলছিল না। যদি সত্য সত্যিই তাঁদের কাছে থাকে, এবং সত্যের একচ্ছত্র অধিকারও তাঁদেরই হয়, তাহলে সেটিকে বারবার পরিবর্তন করতে হচ্ছে কেন?

আপনারা ক্রমাগত এটাকে বদলাচ্ছেন কেন? আমি একজন ধর্মপ্রচারক হিসেবে আপনাকে প্রশ্ন করলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমাকে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলছেন কেন? অনেক সময় আমি প্রশ্ন করতাম, আর উত্তরে শুনতাম, ‘ভাই, আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে।’ কারণ এর কোনো যুক্তি নেই, এটা যৌক্তিক নয়। আপনারা বলেন, বাইবেল এবং তাওরাত মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, তারপর আবার বলেন সেগুলো পরিবর্তিত হয়েছে। আল্লাহ কেন এমনটা হতে দিলেন?

আল্লাহ এমনটা হতে দিয়েছেন কারণ এই নির্দিষ্ট ওহিগুলো নির্দিষ্ট এক সময়ে নির্দিষ্ট এক জনগোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল। আমরা বিশ্বাস করি না যে তাওরাত সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। একইভাবে, আমরা এটাও বিশ্বাস করি না যে ইনজিল যা মূলত ঈসা (আ.)-এর কাছে নাজিল হয়েছিল, সব যুগের সব মানুষের জন্য ছিল। আমরা বিশ্বাস করি, কুরআনই একমাত্র কিতাব যা সব যুগের সব মানুষের জন্য পাঠানো হয়েছে, এবং এর সঙ্গে রয়েছে নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ। তাই সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য কোনো প্রয়োজন ছিল না যে আগের এসব ওহি অবশ্যই সংরক্ষিত থাকতে হবে। আর এই বিষয়টির ইঙ্গিতও পাওয়া যায় কুরআনের একটি আয়াতের অর্থে, বিমাস্তুফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। যার সারকথা হলো— এসব কিতাব সংরক্ষণের দায়িত্ব তাঁদের ওপর অর্পিত ছিল, অর্থাৎ পূর্ববর্তী যুগের রাব্বি ও ধর্মীয় নেতাদের ওপর, কিন্তু তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, যদিও তাঁরা এর সাক্ষী ছিলেন। অন্যদিকে, এর সঙ্গে তুলনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সম্পর্কে যা বলেছেন, ইন্না নাহনু নাযযালনায-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযূন। অর্থাৎ তিনি নিজেই এটি সংরক্ষণ করবেন— এখানে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যের যথার্থ কারণ হলো, আগের কিতাবগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য ছিল, আর কুরআন সব যুগের সব মানুষের জন্য পাঠানো হয়েছে।” “এমনকি আল্লাহ যদি ইনজিল বা ঈসা (আ.)-এর প্রতি নাজিলকৃত ওহি সংরক্ষণও করতেন, আজকের জন্য শুধু সেটিই আমাদের জন্য যথেষ্ট হতো না, আমাদের জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। কারণ তার পরিধি সীমিত ছিল; তা শুধু সেই জনগোষ্ঠী ও সেই সময়ের জন্য ছিল। এই কারণেই আল্লাহ তাঁর হিকমতে সেটি সংরক্ষণের দায়িত্ব নিজে নেননি। কিন্তু কুরআন সমগ্র মানবজাতির জন্য, সব সময়ের জন্য, সব ধরনের সমাধানের জন্য, প্রতিটি সমস্যা, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি জাতি— সমগ্র মানবতার জন্য। এবং এটি শেষ ওহি; তাই আল্লাহ এটি সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন।” নবী মুহাম্মদ (সা.) যে আলো নিয়ে এসেছিলেন, তার মাধ্যমে খ্রিস্টান বিশ্ব আবার ঈসা (আ.)-এর বার্তার বিশুদ্ধ মূল সত্তায় ফিরে যাওয়ার স্পষ্ট পথ পেয়েছে। তিনি ঈসা (আ.) আসলে কে ছিলেন এবং কী শিক্ষা দিয়েছিলেন—সেই সত্য আবার সামনে এনেছেন। আল্লাহ তাঁর সর্বশেষ রাসূলকে পাঠিয়েছেন ঈসা (আ.)-এর অনুসারীদের এবং পূর্ববর্তী সব নবীর অনুসারীদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। কারণ ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এটি সেই অভিন্ন ও সার্বজনীন বার্তা, যা হাজার হাজার নবী প্রচার করে গেছেন আদম (আ.)-এর সময় থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে। এই চূড়ান্ত ও অপরিবর্তিত ওহির মাধ্যমে ঈসা (আ.)-এর বার্তা মানবসৃষ্ট পরিবর্তন থেকে মুক্ত হয়ে আবার তার প্রকৃত ও অবিকৃত রূপে ফিরে আসে। এভাবেই আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো, তবে গল্প এখনো অনেক বাকি। ৪ লক্ষ পাণ্ডুলিপিগত পাঠগত অমিল যদি আপনাকে বিস্মিত করে থাকে, তাহলে অপেক্ষা করুন দেখার জন্য—পাঠগত বিকৃতি একটি বিশ্বাসের মূল কাঠামোকে কতটা বদলে দিতে পারে। পরের পর্বে আমরা খ্রিস্টধর্ম ও ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণাগুলো পাশাপাশি রেখে তাদের মধ্যকার বিশাল পার্থক্যগুলো বিশ্লেষণ করব। বাইবেলে যাঁকে “পিতা” বলা হয়েছে, তাঁর গুণাবলি নিয়ে যে স্পষ্ট যৌক্তিক অসঙ্গতিগুলো রয়েছে, সেগুলোও আমরা দেখব। আর এর মাধ্যমে আমরা তুলে ধরব কীভাবে কুরআন মানবজাতির কাছে পরিচিত ঈশ্বরের একমাত্র নিখুঁত সংজ্ঞা প্রদান করে। আমরা এটাও দেখব, পাণ্ডুলিপির বিকৃতিগুলো শুধু লেখাই পরিবর্তন করেনি, বরং সম্মানিত নবীদের বিরুদ্ধে ভয়াবহ অপবাদও যুক্ত করেছে। আপনার কৌতূহল ও আগ্রহ ধরে রাখুন। আর যাঁরা সত্যের সন্ধানে আছেন, তাঁদের সঙ্গে দেখা হবে তৃতীয় পর্বে ইনশাহ্‌আল্লাহ্। আপনিও কি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?

কিংবা, হয়তো আপনি সারাজীবন মুসলিমই ছিলেন, কিন্তু নতুনভাবে শুরু করে একদম শুরু থেকে ইসলামকে জানতে আগ্রহী? ঠিক এই কারণেই আমরা Step Islam অ্যাপটি তৈরি করেছি। এটি সম্পূর্ণ ফ্রি এবং বিজ্ঞাপনমুক্ত একটি অ্যাপ, যা আপনাকে ইসলাম শেখায় পরিষ্কার ও সাজানোভাবে। আপনি সহজেই ঈমানের মূল ভিত্তি, কুরআনের গুরুত্বপূর্ণ পরিভাষা শিখতে পারবেন, আর নিজের গতিতে এমন বাস্তবসম্মতভাবে কাজগুলো সম্পন্ন করবেন, যেন আজীবনের অভ্যাসে পরিণত হয়ে যায়। শয়তানকে সুযোগ দেবেন না, যেন সে আপনাকে এটি পিছিয়ে দিতে পারে। নিচের লিংকে ক্লিক করুন, Step Islam ডাউনলোড করুন, আর আজই চিরস্থায়ী সুখের পথে আপনার প্রথম পদক্ষেপ নিন।